দেশে গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। তবে এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬২ জন। এ নিয়ে নতুন বছরের ৮ দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৪০ জন এবং মৃত্যু হয়েছে তিনজনের।

সোমবার (৮ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে বলায় হয়, দেশে বর্তমানে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৩৬২ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। এর মধ্যে ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ১৯১ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ১৭১ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। এছাড়াও গত ২৪ ঘণ্টায় ঢাকা সিটির মধ্যে আক্রান্ত হয়েছেন ২৫ জন এবং ঢাকার বাইরে আক্রান্ত হয়েছেন ৩৭ জন।

অধিদফতরের তথ্যমতে, গত বছরের ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতাল চলতি বছরে ডেঙ্গু-আক্রান্ত হয়ে মোট ভর্তি হয়েছেন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন। এর মধ্যে ঢাকা সিটিতে ১ লাখ ১০ হাজার ৮ জন এবং ঢাকার বাইরে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন ২ লাখ ১১ হাজার ১৭১ জন। আর ওই বছরে মোট হাসপাতাল থেকে ছুটি পেয়েছেন ৩ লাখ ১৮ হাজার ৭৪৯ জন।