জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক (ডিজি) এ. এইচ. এম. সফিকুজ্জামান বলেছেন, অযৌক্তিকভাবে বাজারে চালের দাম বাড়ানো হয়েছে। ব্যবসায়ীরা বলছেন, ধানের দাম বেড়েছে। যেসব চাল বাড়তি দামে বিক্রি করা হচ্ছে, সেগুলো আগের কেনা ধানের চাল। তাই অন্যায্যভাবে চালের দাম বাড়িয়েছেন ব্যবসায়ীরা। আইন মেনে ব্যবসা না করলে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বুধবার (২৪ জানুয়ারি) বরাজধানীর কারওয়ান বাজারের টিসিবি ভবনে জাতীয় ভোক্তা-অধিদফতর সংরক্ষণ অধিদফতরের কার্যালয়ে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। আসন্ন রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে বিভিন্ন দফতর, সংস্থা ও ব্যবসায়ীদের অংশগ্রহণে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সফিকুজ্জামান বলেন, সম্পূর্ণ অযৌক্তিকভাবে এই সময়ে চালের দাম বাড়ানো হয়েছে। তখন ধানের দাম কম ছিল। এখন হয়ত ধানের দাম কেজিতে দুই টাকা বেড়েছে। অথচ সেই আগে কেনা ধানের চাল বাড়তি দামে বিক্রি করা হচ্ছে। আর ধানের দুই টাকার বিপরীতে চালের দাম বাড়ানো হয়েছে ৮-১০ টাকা। চালের গুদামে গেলে দেখা যায়, বস্তা বস্তা চাল মজুত করে রাখা হয়েছে।

প্রশ্ন রেখে ভোক্তা ডিজি বলেন, চালের দাম বাড়ার সঙ্গে ব্যবসায়ীরা কি মিলের শ্রমিকের বেতন বাড়িয়েছেন? পরিবহন খরচ কি বেড়েছে? বাড়েনি। তাহলে চালের দাম কেন রাতারাতি বাড়াতে হলো? আইন মেনে ব্যবসা না করলে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও মন্তব্য করেন তিনি।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক বলেন, কারওয়ান বাজার এবং নিউমার্কেটের ব্যবসায়ীদের ধন্যবাদ দিতে চাই যে, তারা মূল্য তালিকা টানিয়ে ব্যবসা করছেন। ১৫ মার্চ বিশ্ব ভোক্তা দিবস উদযাপন হবে। দিবস উপলক্ষে যারা আইনের বেস্ট প্রাকটিস করছে অর্থাৎ আইন মেনে ব্যবসা করছেন তাদের পুরস্কৃত করবো। যারা আইন মেনে ব্যবসা করবে না তাদের বিরুদ্ধে আইন প্রয়োগ করা হবে।

ব্যবসায়ী নেতাদের উদ্দেশে ভোক্তা অধিদফতরের ডিজি বলেন, আপনারা বাজার কমিটির নেতা হয়েছেন আমি বিশ্বাস করি না যে কোনো প্রভাব ছাড়াই নেতা হয়েছেন। আপনাদের ইলেকশনে আমি জানি কত টাকা খরচ করেন। এক কোটি টাকা খরচ করে নেতা হয়ে দুই বছরে পাঁচ কোটি টাকা লাভ করতে হবে- এই চিন্তাধারা ভুলে যেতে হবে। যে বাজার কমিটিকে দেখবো কারসাজির সঙ্গে জড়িত সেই কমিটি বিলুপ্ত ঘোষণা করবো।

রমজানে ছোলা, ডাল, তেল, খেজুর এ ধরনের পণ্যের চাহিদা বেড়ে যায় উল্লেখ করে তিনি বলেন, অন্যান্য সময়ে তেল-চিনির চাহিদা থাকে দেড় লাখ টন। কিন্তু রমজানে এর চাহিদা তিন লাখ টন হয়ে যায়। রমজানে পণ্যের সাপ্লাই চেইন ধরে রাখা একটা চ্যালেঞ্জ।

বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন বলেন, রমজান মাস একটা স্পর্শকাতর মাস। ভোক্তা চায় কম দামে দ্রব্য কিনতে, আবার ব্যবসায়ীরা চায় একটু লাভ করতে। মিল মালিক চালের দাম ২ টাকা বাড়িয়েছে। কেন উনি ২ টাকা বাড়ালো? এর প্রভাবে বাজারে এসে ৮ টাকা হয়। দাম বাড়ানোর জন্য বাজার স্লো করে দেওয়া হয়। যারা এই কাজ করে তাদের নজরদারিতে আনতে হবে। কিন্তু দাম বাড়লে দোষ যায় খুচরা ব্যবসায়ীদের ওপর। যিনি অপরাধী তাকে অপরাধী হিসেবেই বিবেচনা করা হোক। তাকে ব্যবসায়ী হিসেবে গণ্য করার দরকার নাই। তার দায়িত্ব আমরা নিতে চাই না।

এফবিসিসিআই পরিচালক মোহাম্মদ এনায়েত উল্লাহ মতবিনিময় সভা ব্যবসায়ীদের বিভিন্ন পণ্য আমদানির ক্ষেত্রে যে সকল সমস্যার সম্মুখীন হতে হয় তা সভায় তুলে ধরেন এবং এ সকল সমস্যা সমাধানে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন। এছাড়াও তিনি আসন্ন পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে অধিদপ্তরকে সার্বিকভাবে সহযোগিতা করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে বাজারের সরবরাহ ব্যবস্থা মন্থর করার জন্য দায়ী অসাধু ব্যবসায়ীদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করার অনুরোধ জানান। এক্ষেত্রে তিনি বলেন, অপরাধীর পরিচয় অপরাধী; ব্যবসায়ী নয়। তিনি ব্যবসায়ীদের রমজান মাসে যে কোন ভোগ্যপণ্যের অযৌক্তিক মূল্য বৃদ্ধি পরিলক্ষিত হলে দ্রুত অধিদফতরে অবহিত করার অনুরোধ জানান। ভোক্তা স্বার্থে তিনি অধিদফতরের সার্বিক কার্যক্রমে সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন।