আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ সামনে রেখে ঢাকা-৬ আসনের জনগণের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে নির্বাচনী পরিকল্পনা ও ইশতেহার নিয়ে কথা বলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. আব্দুল মান্নান।
সম্প্রতি সূত্রাপুর ও কোতোয়ালী এলাকার বিভিন্ন স্থানে আয়োজিত মতবিনিময় সভায় তিনি বলেন, ঢাকা-৬ আসনের সার্বিক অবকাঠামো উন্নয়ন ও পরিকল্পিত নগরায়নের মাধ্যমে একটি বাসযোগ্য, নিরাপদ ও জনবান্ধব নগর গড়ে তোলাই তার মূল লক্ষ্য।
তিনি জানান, সংস্থার ও উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে জনদুর্ভোগ কমাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে উপযুক্ত পরিকল্পনা ও কার্যকর ব্যবস্থা গ্রহণে সহযোগিতা করা হবে। একই সঙ্গে ঢাকা-৬ এলাকার অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে রাস্তা সংস্কার ও প্রশস্তকরণে উদ্যোগ নেওয়া হবে।
যানজট নিরসনে চক্রাকার ইলেক্ট্রিক গাড়ি (ই-কার) চালু এবং প্রয়োজনীয় স্থানে ফুটওভার ব্রিজ নির্মাণের পরিকল্পনার কথাও জানান তিনি। এছাড়া ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য দোকানের স্থায়ী সমাধান করে ফুটপাত দখলমুক্ত রাখা এবং সাধারণ মানুষের নির্বিঘ্ন ও নিরাপদ চলাচল নিশ্চিত করার অঙ্গীকার করেন।
নির্বাচনী পরিকল্পনায় আরও রয়েছে প্রতিটি কাঁচাবাজারকে আধুনিক ও স্বাস্থ্যসম্মত হিসেবে গড়ে তোলা, প্রতিটি মহল্লায় প্রয়োজন অনুযায়ী বিশুদ্ধ পানির এটিএম বুথ স্থাপন এবং জলাবদ্ধতা নিরসনে ড্রেনেজ ব্যবস্থার আধুনিকীকরণ। মশক নিয়ন্ত্রণেও কার্যকর উদ্যোগ গ্রহণের কথা বলেন তিনি।
জনস্বাস্থ্য ও পরিবেশের কথা বিবেচনায় নিয়ে চাহিদার ভিত্তিতে পর্যাপ্ত পাবলিক টয়লেট নির্মাণ, আবাসিক এলাকায় অবস্থিত রাসায়নিক গুদামগুলো ব্যবসায়ীদের সঙ্গে আলোচনার মাধ্যমে নিরাপদ স্থানে স্থানান্তরের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান জামায়াত প্রার্থী।
অগ্নিদুর্ঘটনা রোধে ডিশ ও ওয়াইফাই ক্যাবলের সুবিন্যস্ত ব্যবস্থাপনার পাশাপাশি সিটি কর্পোরেশন, ফায়ার সার্ভিস ও ডিএমপির সমন্বয়ে একটি টাস্কফোর্স গঠন করে বাস্তবসম্মত নীতিমালা প্রণয়ন ও প্রয়োগের ওপর জোর দেন তিনি।
এ সময় মো. আব্দুল মান্নান বলেন, “জনগণের মৌলিক চাহিদা ও নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ঢাকা-৬ আসনকে একটি পরিকল্পিত ও মানবিক নগরীতে রূপান্তর করাই আমার অঙ্গীকার।”



মন্তব্য করুন