রাজধানীর মোহাম্মদপুরে একটি ফিলিং স্টেশনে চাহিদামতো তেল পেতে কোমর থেকে পিস্তল বের করে পাম্প কর্মীদেও হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে। গতকাল বিকেল ৩টার দিকে সোনার বাংলা ফিলিং স্টেশনে এই ঘটনা ঘটে।
অস্ত্রের লাইসেন্স থাকায় সৈয়দ মাহমুদুল ইলা নামের হুমকিদাতা ওই ব্যক্তিকে ছেড়ে দেয়া হলেও অস্ত্রটি জমা নিতে সংশ্লিষ্ট থানাকে নির্দেশ দেয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, দীর্ঘ লাইন থাকা সত্ত্বেও মাহমুদুল ইলা নিয়ম ভেঙে আগে তেল নিতে আসেন। গাড়িতে তার স্ত্রী অসুস্থ থাকায় মানবিক কারণে তাকে ১ হাজার ৫০০ টাকার তেল দেওয়া হয়। তবে তিনি সরকারি নির্দেশনার বাইরে অতিরিক্ত তেল দাবি করেন। পাম্প কর্মীরা বাড়তি তেল দিতে অস্বীকৃতি জানালে তিনি কোমর থেকে পিস্তল বের করে তাদের হুমকি দেন। এ সময় সেখানে উপস্থিত লোকজন জড়ো হয়ে যায়। পরে ওই ব্যক্তি সেখান থেকে চলে যান।
ডিএমপির মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো. জুয়েল রানা জানান, অস্ত্রের লাইসেন্স দেখে তাৎক্ষণিকভাবে ওই ব্যক্তিকে ছেড়ে দেওয়া হয়। তবে ইতোমধ্যে সংশ্লিষ্ট থানাকে নির্দেশনা দেওয়া হয়েছে যেন তার অস্ত্রটি থানায় জমা রাখা হয়।



মন্তব্য করুন