পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে রাজধানীর শনির আখড়ায় আর এস মার্কেটে জমতে শুরু করেছে কেনাকাটা। ঈদের শেষ সময়ের ভিড় এড়াতে অনেক ক্রেতাই আগেভাগে কেনাকাটা সেরে নিচ্ছেন। তবে তুলনামূলক ক্রেতা কম থাকায় হতাশা প্রকাশ করছেন ব্যবসায়ীরা।
মার্কেটে কেনাকাটা করতে আসা রায়হান বলেন, ঈদের ছুটি শুরু হলে দ্রুত বাড়ি ফিরতে চান তিনি। তাই আগেই কেনাকাটা সেরে নিচ্ছেন। তার মতে, “দাম স্বাভাবিকের চেয়ে একটু বেশি।”
আরেক ক্রেতা রাহাত বলেন, “গত বছরের তুলনায় দাম কিছুটা বেশি হলেও বাজেটের মধ্যে পছন্দের পোশাক পেয়েছি। শেষের দিকে ভিড় বাড়ে, তাই আগেই কেনাকাটা করছি।”
নারী ক্রেতা সোহানা জানান, পরে কিনতে এলে ভিড়ের কারণে পছন্দের সাইজ পাওয়া যায় না। তাই আগেই কেনাকাটা করছেন তিনি।
তবে বিক্রেতারা বলছেন, এবার ক্রেতা তুলনামূলক কম। আর এস মার্কেটের বিক্রেতা মো. মইনুদ্দিন বলেন, “অনেক প্রবাসী মধ্যপ্রাচ্যে থাকেন। যুদ্ধ পরিস্থিতির কারণে রেমিট্যান্স কম আসায় বাজারে প্রভাব পড়েছে। ফলে ক্রেতাও কম।”
আরেক বিক্রেতা বেল্লাল হোসেন রাজু বলেন, “গত বছরের তুলনায় ক্রেতা কিছুটা কম। দাম প্রায় আগের মতোই আছে, তবে লক্ষ্যমাত্রা পূরণ নিয়ে অনিশ্চয়তা রয়েছে।”
নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ী দাবি করেন, মার্কেটে ক্রেতা খুবই কম। তার ভাষায়, “লাভ তো দূরের কথা, লোকসান পুষিয়ে নিতে সময় লাগবে।”
সব মিলিয়ে ঈদকে সামনে রেখে আর এস মার্কেটে দেখা যাচ্ছে মিশ্র চিত্র। ক্রেতারা আগাম কেনাকাটায় স্বস্তি পেলেও বিক্রেতারা তাকিয়ে আছেন রমজানের শেষ দিকের বেচাকেনার দিকে।



মন্তব্য করুন