আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা-বরিশাল রুটে যাত্রীদের উপচে পড়া ভিড় আর বাসের তীব্র সংকট দেখা দিয়েছে। এই সুযোগে দূরপাল্লার বাসের অভাব মেটাতে ঢাকার লোকাল বাসগুলো এখন যাত্রী নিয়ে ছুটছে বরিশালের পথে। আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) রাজধানীর ধোলাইপাড় ও সায়েদাবাদ এলাকায় দেখা গেছে লাব্বাইক, বাহাদুরশাহ আরও অনেক লোকাল বাস যাত্রী বোঝাই করে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে।
‎
‎সরেজমিন চিত্র:
‎সরেজমিনে দেখা যায়, পরিবাহন বাসগুলোর টিকিট না পেয়ে শত শত যাত্রী ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় দাঁড়িয়ে আছেন। এই সুযোগ কাজে লাগিয়ে ঢাকার ভেতরে চলাচলকারী লোকাল বাসগুলো গাদাগাদি করে যাত্রী তুলছে। লক্কড়-ঝক্কড় এসব বাসে কোনো নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই নারী ও শিশুদের নিয়ে রওনা দিচ্ছে মানুষ। অনেক বাসের ফিটনেস না থাকলেও অতিরিক্ত ভাড়ার লোভে চালকরা এই দীর্ঘ পথে গাড়ি নামিয়েছেন।
‎
‎যাত্রীদের অসহায়ত্ব:
‎বরিশালগামী যাত্রী আব্দুর রহমান মিয়া বলেন, “সকাল থেকে দাঁড়িয়ে কোনো ভালো বাসের টিকিট পাইনি। বাধ্য হয়ে ‘লাব্বাইক’ বাসে উঠেছি। ৫০০ টাকার ভাড়া ৮০০ টাকা চাচ্ছে, তাও সিট নেই। পরিবার নিয়ে বাড়ি পৌঁছানোই এখন মূল লক্ষ্য, ঝুঁকি থাকলেও কিছু করার নেই।”
‎
‎আরেক যাত্রী জানান, “বাহাদুরশাহ বাসগুলো ঢাকার ভেতরে চলে, এগুলো হাইওয়েতে চালানোর মতো কি না জানি না। কিন্তু কোনো উপায় না পেয়ে জীবনের ঝুঁকি নিয়েই উঠতে হচ্ছে।”
‎
‎ট্রাফিক পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অবৈধভাবে রুট পারমিট ছাড়া যেসব লোকাল বাস দূরপাল্লায় যাচ্ছে, তাদের এ কার্যক্রম অবৈধ । তবে যাত্রীদের চাপ এত বেশি যে, অনেক ক্ষেত্রে মানবিক কারণে তারা কঠোর হতে পারছেন না।
‎
‎ঝুঁকি মাথায় নিয়েই নাড়ির টানে হাজার হাজার মানুষ এখন প্রিয়জনদের কাছে ফেরার অপেক্ষায়।
‎