দেশ যখন বিদ্যুৎ সংকটে, রাজধানীতে দিনের বেলায় জ্বলছে রাস্তার স্ট্রিট লাইট। সোমবার (২৭ এপ্রিল) পুরান ঢাকার দয়াগঞ্জ এলাকার কোম্পানিগঞ্জ রোডে এই দৃশ্য দেখা যায়।
‎
‎দেশে দেখা দিয়েছে বিদ্যুৎ সংকট। রাজধানীসহ গ্রামগঞ্জের সাধারণ মানুষ ভুগছেন লোডশেডিংয়ে। রাজধানীর বিভিন্ন এলাকায় ২-৩ ঘণ্টা হচ্ছে লোডশেডিং, তবে গ্রামে তা প্রায় ১২ ঘণ্টারও বেশি। এই সংকটময় অবস্থায় দেখা যাচ্ছে কর্তৃপক্ষের উদাসীনতা। রাজধানীর পুরান ঢাকার দয়াগঞ্জ এলাকার কোম্পানিগঞ্জ রোডে দিনে জ্বলছে স্ট্রিট লাইট। এই অবহেলায় অপচয় হচ্ছে বিদ্যুৎ, যা দেশের আর্থিক অবস্থাকে আরও দুর্বল করে দিচ্ছে। এই কর্মকাণ্ডে ক্ষুব্ধ সাধারণ জনগণ।
‎
‎সাধারণ জনগণের ভাষ্য:
‎পুরান ঢাকার রিকশাচালক জালাল উদ্দিন বলেন, “দেশ নাকি বিদ্যুৎ সংকটে ভুগছে। গরমের মধ্যে লোডশেডিংও বাড়ছে। কিন্তু দিনের বেলায় রাস্তায় যে লাইট জ্বলছে এতে কি বিদ্যুৎ সংকট হচ্ছে না? দিনের বেলায় লাইট কেন লাগতেছে তা কর্তৃপক্ষই ভালো জানে ।”
‎
‎শিক্ষার্থী শিবলু রিফাত বলেন, “দেশ ভুগছে বিদ্যুৎ সংকটে, তার মধ্যে দিনের বেলায় লাইট জ্বালিয়ে রেখেছে। এই সংকটময় অবস্থায় বিদ্যুৎ অপচয় প্রমাণ করে যে সরকার দেশ নিয়ে উদাসীন। সাধারণ জনগণ নিয়ে যেন তাদের কোনো চিন্তাই নেই। গ্রামের মানুষ গরমে মরে যাচ্ছে কিন্তু এদিকে বিদ্যুৎ অপচয় করা হচ্ছে ।”