গাইবান্ধা থেকে কোরবানির হাটের জন্য কেনা আটটি গরু নিয়ে নারায়ণগঞ্জের ফতুল্লার উদ্দেশ্যে রওনা হওয়া একদল গরু ব্যবসায়ী গাজীপুরের নাওজর এলাকায় ডাকাতির শিকার হয়েছেন। পরে পুলিশ অভিযান চালিয়ে সাতটি গরু ও একটি গরুর জবাইকৃত মাংস উদ্ধার করেছে। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে।
ভুক্তভোগীদের অভিযোগ, গাইবান্ধার বরাতখালী গরুর হাট থেকে গরু কিনে পিকআপে করে তারা ফতুল্লার দিকে যাচ্ছিলেন। শনিবার দিবাগত ভোর রাত সাড়ে চারটার দিকে গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজর এলাকায় পৌঁছালে একটি হাইএস গাড়ি তাদের গতিরোধ করে।
এ সময় সংঘবদ্ধ ডাকাত দল ধারালো অস্ত্র নিয়ে গরু ব্যবসায়ী ও পিকআপচালকের ওপর হামলা চালায়। তাদের মারধর করে হাত-পা বেঁধে পাশের জঙ্গলে ফেলে রেখে পিকআপে থাকা আটটি গরু নিয়ে পালিয়ে যায় ডাকাতরা।
ভুক্তভোগী গরু ব্যবসায়ীরা জানান, “আমরা গরু নিয়ে ফতুল্লার দিকে যাইতেছিলাম। নওজর এলাকায় একটা গাড়ি সামনে আটকায়। পরে কয়েকজন অস্ত্র নিয়ে হামলা করে, হাত-পা বেঁধে মারধর করে গরু নিয়ে যায়।”
পরে স্থানীয়দের সহায়তায় তারা কালিয়াকৈর থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন।
কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর জানান, অভিযোগ পাওয়ার পর মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে অভিযান চালিয়ে গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পশ্চিম পাশে রিফাত ইলেকট্রনিক্সের সামনে অবস্থিত তাজলিমা গোস্ত বিতানের মালিক তপন মিয়ার কাছ থেকে রোববার দুপুর আড়াইটার দিকে সাতটি গরু ও একটি গরুর জবাইকৃত মাংস উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। উদ্ধার হওয়া গরু এবং আটক ব্যক্তিদের পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য জিএমপি বাসন থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।