গাজীপুরের শ্রীপুর উপজেলার বহেরারচালায় অবস্থিত কে এস এস নিট কম্পোজিট লিমিটেড (মিতালী গ্রুপ) কারখানায় ঈদুল আযহা উপলক্ষে ছুটি ও অগ্রিম বেতনের দাবিতে শ্রমিকদের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। বৃহস্পতিবার (২১ মে) সকাল থেকে শ্রমিকরা কারখানার মূল ফটকের সামনে অবস্থান নেয়।

শ্রমিক ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কারখানাটিতে প্রায় ২ হাজার ৭০০ শ্রমিক কাজ করেন। বুধবার (২০ মে) মালিকপক্ষ ঈদুল আযহা উপলক্ষে ১০ দিনের ছুটি এবং অগ্রিম ২০ দিনের বেতন দেওয়ার সিদ্ধান্ত নেয়। তবে শ্রমিকরা ওই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে ১১ দিনের ছুটি ও ৩০ দিনের অগ্রিম বেতনের দাবি জানায়।

এ ছাড়া কয়েকজন কর্মকর্তাকে চাকরিতে বহাল না রাখার দাবিও তোলে শ্রমিকরা। দাবিকৃত কর্মকর্তাদের মধ্যে রয়েছেন পিএম মো. শামিম, মো. দেলোয়ার, জিএম মো. সাজ্জাদ, মো. বায়োজিদ ও ইনচার্জ মো. কাইয়ুম।

শ্রমিকদের আরও দাবি, ঈদের পর কোনো শ্রমিককে চাকরিচ্যুত বা ‘রেব’ করা যাবে না।
বুধবার বিকেলে কারখানাটি ছুটি ঘোষণা করা হলে শ্রমিকরা কারখানা ত্যাগ করেন। পরে মালিকপক্ষ ‘নো ওয়ার্ক নো পে’ নোটিশ জারি করলে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শ্রমিকরা কারখানার গেটের সামনে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ বিষয়ে শাহীনুর আলম বলেন, “শ্রমিকদের সঙ্গে মালিকপক্ষের আলোচনা চলছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। এখন পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।”