​কুড়িগ্রামে ছাগল ও ভেড়ার মারাত্মক পিপিআর রোগ নির্মূলের লক্ষ্যে দিনব্যাপী বিনামূল্যে পিপিআর টিকা প্রদান ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রাণিসম্পদ অধিদপ্তরাধীন ‘পিপিআর রোগ নির্মূল ও ক্ষুরারোগ নিয়ন্ত্রণ প্রকল্প’-এর আওতায় এই কর্মসূচির আয়োজন করা হয়।

বৃহস্পতিবার ​উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, কুড়িগ্রাম সদরের উদ্যোগে উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের কুয়েত পল্লী এলাকায় এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এতে কুয়েত পল্লী ও এর আশপাশের অঞ্চলের প্রায় চার শতাধিক খামারি তাদের গবাদিপশুকে টিকা দিতে সমবেত হন।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. হাবিবুর রহমান। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “পিপিআর ছাগল ও ভেড়ার জন্য একটি অত্যন্ত মারাত্মক ও সংক্রামক ভাইরাসজনিত রোগ। এ রোগে আক্রান্ত হলে খামারিরা ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েন। সঠিক সময়ে টিকা প্রদানের মাধ্যমে এ রোগ সম্পূর্ণ নির্মূল করা সম্ভব। খামারিদের স্বার্থে ও জাতীয় প্রাণিসম্পদ রক্ষায় সরকার বিনামূল্যে এই গণটিকা কর্মসূচি বাস্তবায়ন করছে।”

​অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ কামরুল ইসলাম সহ প্রাণিসম্পদ দপ্তরের অন্যান্যরা।

​ক্যাম্পেইনে উপস্থিত কুয়েত পল্লীর খামারিরা বিনামূল্যে গবাদিপশুর এ টিকা ও চিকিৎসাসেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেন। সার্বিক গণটিকা কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের কয়েকটি ফিল্ড টিমের মাধ্যমে এলাকাভিত্তিক টিকাদান কার্যক্রম পরিচালনা করা হয়।