ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধিভুক্ত কবি নজরুল সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৪ অক্টোবর) দুপুর ১২টায় পুরান ঢাকার ঐতিহাসিক আহসান মঞ্জিল প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রাষ্ট্রবিজ্ঞান স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সবুজ আহমেদ মালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাঈম সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগের প্রধান ও অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. শিরিন সুলতানা। এ সময় রাজনৈতিক বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, সিনিয়র শিক্ষার্থীবৃন্দ এবং নবীন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন জ্যেষ্ঠ শিক্ষার্থীরা। এরপর দিকনির্দেশনামূলক বক্তব্য দেন অতিথিরা। পরে অতিথিদের হাতে সম্মাননা ক্রেস্ট ও শুভেচ্ছা স্মারক হিসেবে কলম তুলে দেওয়া হয়।শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজন করা হয় কুইজ প্রতিযোগিতা ও র্যাফেল ড্র।
প্রধান অতিথির বক্তব্যে ড. শিরিন সুলতানা বলেন, ঐতিহাসিক স্থানে এমন ব্যতিক্রমী আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানাই। তোমরা অত্যন্ত ভাগ্যবান যে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে এখানে পড়ার সুযোগ পেয়েছ। তোমাদের বয়সী অনেকেই এখন নানামুখী সামাজিক সংকট ও মাদকের সঙ্গে জড়িয়ে পড়ছে। আমার একটাই বার্তা; তোমরা ধূমপানসহ সব ধরনের মাদক থেকে সবসময় দূরে থাকবে এবং নিজেদের সৎ ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলবে।
মধ্যাহ্নভোজের পর পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সবশেষে ২০২৪–২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের পক্ষ থেকে নবীনদের অভিনন্দনপত্র এবং ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নাম খচিত চাবির রিং উপহার দেওয়া হয়।



মন্তব্য করুন