দুর্গাপূজার সার্বিক পরিস্থিতি পরিদর্শনে মঙ্গলবার (২০ অক্টোবর) রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি রাজশাহীতে পূজামণ্ডপ পরিদর্শন করবেন, সনাতন ধর্মাবলম্বীদের জানাবেন শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা। একই সঙ্গে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে জনসভায় বক্তব্য রাখবেন।
প্রধানমন্ত্রীর এই সফর ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে সাজ সাজ রব, চলছে ব্যাপক প্রস্তুতি। প্রধানমন্ত্রী হওয়ার পর এটি তারেক রহমানের রাজশাহীতে প্রথম সফর। এর আগে গত ২৯ জানুয়ারি তিনি রাজশাহীর মাদ্রাসা মাঠে এসেছিলেন নির্বাচনী জনসভায়।
প্রধানমন্ত্রীর সফরসূচি অনুযায়ী, ২০ অক্টোবর সামরিক বিমানে তেজগাঁও বিমানবন্দর থেকে সৈয়দপুর বিমানবন্দরে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখান থেকে তিনি রংপুর ধর্মসভা (রাধা গোবিন্দ মন্দির) পরিদর্শন করবেন।
এরপর সৈয়দপুর বিমানবন্দর থেকে রাজশাহীর হযরত শাহ মখদুম (রহ.) বিমানবন্দরে পৌঁছাবেন। দুপুর দেড়টায় তিনি রাজশাহী ধর্মসভা মন্দির পরিদর্শন করবেন। পরে রাজশাহী সার্কিট হাউসে কিছুক্ষণ অবস্থান করবেন। এরপর প্রধানমন্ত্রী বিকেল ৩টায় রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠের জনসভায় অংশ নিয়ে বক্তব্য রাখবেন।
প্রধানমন্ত্রীর রাজশাহী সফর এবং শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা করেছে রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি)।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় আরএমপি কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।
সভায় প্রধানমন্ত্রীর রাজশাহী সফর সুশৃঙ্খল ও নির্বিঘ্ন করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়। সফর ঘিরে সরকারি দপ্তর ও প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় জোরদার, জননিরাপত্তা নিশ্চিত করা এবং পূজামণ্ডপগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়।
এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর উপলক্ষে মাদ্রাসা মাঠ পরিদর্শন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন। শুক্রবার বেলা সাড়ে ১১টায় তিনি মাদ্রাসা মাঠের পরিষ্কার-পরিচ্ছন্নতা, দেয়াল রংকরণ, মাঠসংলগ্ন রাস্তা সংস্কারসহ সার্বিক কার্যক্রম ও প্রস্তুতি পরিদর্শন করেন।



মন্তব্য করুন