গাজীপুরের শ্রীপুরে নারিশ পোল্ট্রি অ্যান্ড হ্যাচারি লিমিটেডের একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সিদ্দিকুর রহমান নামে এক সাবেক বিএনপি নেতা নিহত হয়েছেন। শনিবার (২৪ অক্টোবর) বেলা পৌনে ১২টার দিকে শ্রীপুর রেলওয়ে স্টেশনের লেভেল ক্রসিংসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর চালক পালিয়ে গেলেও স্থানীয় লোকজন ধাওয়া করে তাঁকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। নিহত সিদ্দিকুর রহমান শ্রীপুর বাজারের একজন ব্যবসায়ী। তিনি শ্রীপুর পৌর বিএনপির সাবেক প্রচার সম্পাদক ছিলেন। তাঁর বাড়ি শ্রীপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বেলা পৌনে ১২টার দিকে রেলওয়ে স্টেশনের লেভেল ক্রসিংসংলগ্ন এলাকায় রাস্তা পার হচ্ছিলেন সিদ্দিকুর রহমান। এ সময় নারিশের একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। দুর্ঘটনার পর চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় লোকজন ধাওয়া করে তাঁকে আটক করেন।
পরে তাঁকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। আটক চালকের নাম ইউনুস (৪৭)। তিনি চট্টগ্রামের লোহাগাড়া এলাকার মৃত ফাইজ আহম্মদের ছেলে। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে স্থানীয় লোকজন ভিড় করেন। ব্যবসায়ী ও বিএনপির সাবেক নেতা সিদ্দিকুর রহমানের আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের আবহ সৃষ্টি হয়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর আলম বলেন, রেলওয়ে স্টেশনসংলগ্ন এলাকায় দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের মরদেহ থানায় আনার প্রস্তুতি চলছে। এ ঘটনায় ট্রাক ও চালককে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।


মন্তব্য করুন