দেশের জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান তার পূর্বনির্ধারিত সফর সংক্ষেপ করে অস্ট্রেলিয়া ত্যাগ করে দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) স্থানীয় সময় বিকালে সিডনির কিংসফোর্ড স্মিথ আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বিদায় জানাতে সমবেত হন বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি।
ফুলেল শুভেচ্ছা, কুশল বিনিময় এবং বিদায়ের মুহূর্তের আবেগঘন পরিবেশে তারা ডা. শফিকুর রহমান বিদায় জানান। এই সফরে তিনি সিডনি ও ক্যানবেরায় প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে বিভিন্ন সংবর্ধনা, আলোচনা সভা ও মতবিনিময় অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
এসব অনুষ্ঠানে অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরে বসবাসরত বিপুলসংখ্যক বাংলাদেশি প্রবাসী, পেশাজীবী, শিক্ষাবিদ, কমিউনিটি প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
সফরসূচি অনুযায়ী জামায়াত আমিরের অস্ট্রেলিয়া থেকে মালয়েশিয়া যাওয়ার কথা ছিল। সেখান থেকে ২৬ নভেম্বর তার দেশে ফেরার কথা ছিল। সফর সংক্ষেপ করে দেশে ফিরছেন তিনি।
আমিরে জামায়াতের নেতৃত্বে বাংলাদেশ থেকে আগত প্রতিনিধিদলের সদস্য হিসেবে ছিলেন এমপি ডা. মোসলেহ উদ্দিন ফরিদ, বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম আরমান, ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট ডা. এস এম খালিদুজ্জামান এবং বিরোধীদলীয় নেতার একান্ত সচিব মুহাম্মদ নজরুল ইসলাম।
সফরের শুরুতে ২০ নভেম্বর রাতে সিডনিতে পৌঁছানোর পর ২১ নভেম্বর তিনি অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমামস কাউন্সিলের নেতাদের সঙ্গে মধ্যাহ্নভোজ ও মতবিনিময়ে অংশ নেন। একই দিন বিকালে তিনি ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটির ব্যাংকসটাউন ক্যাম্পাস অডিটরিয়ামে আয়োজিত শিশু-কিশোরদের আনন্দমেলা অনুষ্ঠান এবং শিবিরের সাবেক নেতৃবৃন্দের উদ্যোগে ‘রাষ্ট্র সংস্কারে প্রবাসীদের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভায় অংশ নেন।
পরদিন ২২ নভেম্বর ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটির ক্যাম্পবেলটাউন ক্যাম্পাস অডিটরিয়ামে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী ও কমিউনিটি সংগঠনের প্রতিনিধিদের পাশাপাশি বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশ নেন।
গত ২৩ নভেম্বর অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরার ক্রাউন প্লাজা হোটেলে আয়োজিত আরেকটি সংবর্ধনা ও মতবিনিময় অনুষ্ঠানে তিনি প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় করেন এবং দেশের উন্নয়নে তাদের জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা কাজে লাগানোর আহ্বান জানান।
এ সময় প্রবাসীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সফরটিকে বিশেষ তাৎপর্যপূর্ণ করে তোলে। বিশেষ করে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে সরাসরি মতবিনিময়, তাদের প্রত্যাশা ও অভিজ্ঞতা শোনা এবং বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে আলোচনা সফরের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হয়ে ওঠে।


মন্তব্য করুন