রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের ভিতরে ময়লার স্তুপ থেকে এক নবজাতক মেয়ে নবজাতকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নবজাতকের বয়স আনুমানিক ৪ থেকে ৫ দিন। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বিকালে সোহরাওয়ার্দী উদ্যানের ভিতরে কালিমন্দিরের পাশে ময়লার স্তুপ থেকে নবাজতকটিকে উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ।
শাহবাগ থানার এসআই মনোজ প্রভাকর রায় বলেন, বিকালে পার্কে ডিউটিরত আনসারদের মাধ্যমে সংবাদ পেয়ে ঘটনাস্থলে যাই। এবং ওই নবজাতকের মৃতদেহ উদ্ধার করি। ওই মেয়ে নবজাতকের বয়স হবে আনুমানিক চার থেকে পাঁচদিন। এসময় নবজাতকটি একটি লাল কম্বল দিয়ে প্যাচানো বাজারের ব্যাগের মধ্যে ছিল।
এসআই আরো জানান, সোহরাওয়ার্দী পার্কে থাকা তানিয়া নামে ভবঘুরে নারী প্রথমে ব্যাগ টি পেয়ে কম্বল ভেবে তার কাছে রেখে দেয়। পরে  কম্বলটি খুলে দেখতে পায় একটি মেয়ে  নবজাতকের মরদেহ। পরে সে বিষয়টি পার্কের আনসার সদস্যদের জানান। শিশুটির শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ধারনা করা হচ্ছে মৃত অবস্থায় কে বা কারা ওই শিশুটিকে ব্যাগে ভরে ফেলে দিয়ে গেছে।