রাজধানীর উত্তরা ৩ নম্বর সেক্টরে একটি ভবনের অংশীদারিত্ব বুঝে নিতে চাওয়ায় মারধরের শিকার হয়েছে ৪ জন। আহতরা হলেন- সবুজ হাওলাদার, সোহেল হাওলাদার, মুরাদ ও আফজাল। আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল ও মোহাম্মদপুরের বিডিএম হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ জুন) সকালে এ ঘটনা ঘটে। ওইদিনই রাতেই উত্তরা পশ্চিম থানায় জিনাত রিজওয়ানা নামে যুক্তরাষ্ট্র প্রবাসী ভুক্তভোগী বাদী হয়ে সাত জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ২৫-৩০ জনের বিরুদ্ধে মামলা করেন। এ ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে।

জিনাত রিজওয়ানা জানান, পরিচয়ের সুবাদে উত্তরায় বেঙ্গল হোটেল এন্ড হসপিটালিটি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইয়াহইয়া চৌধুরীর প্রতিষ্ঠানে দুবছর আগে ১২ কোটি টাকা বিনিয়োগ করেন তিনি। ইয়াহইয়া তার নামে শেয়ার সার্টিফিকেট ইস্যু করেন। তবে চলতি বছরে জুন মাসের প্রথম সপ্তাহে ইয়াহইয়া চৌধুরীর কাছে সর্বমোট বিনিয়োগের হিসাবসহ উত্তরা ৩ নম্বর সেক্টরের ২ নম্বর রোডের একটি ১০ তলা ভবনের অর্ধেকের অংশীদারিত্ব বুঝে নিতে চাইলে ইয়াহইয়া ভয়ভীতি দেখিয়ে হুমকী দেন। এরই মধ্যে বৃহস্পতিবার সকালে ওই ভবনে থাকা সবুজ, সোহেল ও মুরাদকে মারধর করে আহত করা হয়।

এ সময় ইয়াহইয়ার সঙ্গে জনি মিয়া, কাজী রবিন, আনোয়ার, ফরহাদ হোসেন, মো. সাহেদ ও রাজিবসহ অজ্ঞাতনামা আরো কয়েকজন ছিলেন। খবর পেয়ে রিজওয়ানা তার গাড়িচালক আফজাল ও ভাই খন্দাকার শোয়েব আরিয়ান অংকনকে নিয়ে ওই ভবনে যান। তখন তারা অংকনকে অস্ত্রের ভয় দেখিয়ে চালককেও মারধর করে। ওই ঘটনার পর থেকে রিজওয়ানা ও তার পরিবার আতঙ্কে আছেন।

এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিএম ফরমান আলী বলেন, এ ঘটনায় এজহারনামীয় ৩ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।