এডিস মশার লার্ভা পাওয়ায় স্কয়ার হাসপাতালসহ ৯টি স্থাপনাকে ১ লাখ ৭১ হাজার টাকা জরিমানা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ভ্রাম্যমাণ আদালত। ডেঙ্গু রোগ প্রতিরোধ ও এডিস মশার প্রজননস্থল নিধনে করপোরেশন পরিচালিত ৭টি ভ্রাম্যমাণ আদালত এই জরিমানা করে।

বৃহস্পতিবার (৪ জুলাই) কামরাঙ্গীরচর, পান্থপথ, নারিন্দা, স্বামীবাগ, করাতিয়া রোড, সারুলিয়া, ডেমরা, রানীমহল, নন্দিপাড়া এম ব্লক, বনশ্রী, খিলগাও এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

পান্থপথ এলাকায় অবস্থিত স্কয়ার হাসপাতালের জন্য নির্মাণাধীন একটি ভবনের বেজমেন্টে মশার লার্ভা পাওয়ায় ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট এ টি এম মোর্শেদ ৫০ হাজার টাকা জরিমানা করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট তায়েব-উর-রহমান আশিক কামরাঙ্গীরচরের নূরবাগ এলাকায় ৫৮টি বাসাবাড়ি ও ৬ কারখানায় অভিযান পরিচালনা করেন।

তাছাড়া, নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তৌহিদুল ইসলাম ইমামগঞ্জ আশপাশ এলাকায় অভিযান পরিচালনা করে ২ মামলায় ১০ হাজার টাকা জরিমানা আদায় করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট আমির হামজা নারিন্দা, স্বামিবাগ, করাতিয়া রোড এলাকায় ৮৫টি বাড়ি ও স্থাপনায় ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদুর রহমান নন্দিপাড়া এম ব্লক, বনশ্রী, খিলগাও এলাকায় ৪৮টি বাসাবাড়ি ও স্থাপনায় অভিযান পরিচালনা করেন।

আট নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট পংকজ চন্দ্র দেবনাথ সারুলিয়া, ডেমরা, রানীমহল এলাকায় অভিযান পরিচালনা করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ শামসুল আরেফীন মাতুয়াইল, শরিফপাড়া, যাত্রাবাড়ীর এলাকায় ৬০টি বাসাবাড়ি ও স্থাপনায় অভিযান পরিচালনা করে করেন।

এই অভিযানে সর্বমোট ৪৫৮টি বাসাবাড়ি ও স্থাপনা পরিদর্শন করা হয়েছে। এ সময় ৯টি বাসাবাড়ি ও নির্মাণাধীন ভবনে মশার লার্ভা পাওয়ায় ৯টি মামলায় সর্বমোট ১ লাখ ৭১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।