রাজধানীর যাত্রাবাড়ী কাঠেরপুল এলাকার একটি পুকুর থেকে অজ্ঞাত এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ১৭ বছর।

শুক্রবার (১২ জুলাই) যাত্রাবাড়ি কাঠেরপুল মাতুয়াইল ইসলামিয়া আলিয়া মাদ্রাসা ও এতিমখানার পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য রাতে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) নূর মোহাম্মদ জানান, বিকেলে স্থানীয়রা মাদ্রাসার পুকুরে মরদেহটি ভাসতে দেখে থানায় খবর দেয়। তখন খবর পেয়ে পুকুর থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। যার বয়স হবে আনুমানিক ১৭ বছর। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

এসআই আরও জানান, ওই কিশোরের পরনে একটি কালো প্যান্ট ছিল। ধারণা করা হচ্ছে, দুএকদিন আগে মারা গেছে ওই কিশোর। কিশোরের পরিচয় সনাক্তের জন্য সিআইডির ফরেনসিক টিম কাজ করছে। এটি হত্যাকাণ্ড নাকি পানিতে ডুবে মারা গেছে তা জানার চেষ্টা চলছে।