রাজধানীর দারুস সালাম মাজার রোডে সড়ক দুর্ঘটনায় সোহেল মিয়া (৪০) নামে এক ব্যক্তি মারা গেছে। সে গাবতলি হাটে গরুর রাখাল ছিল।

শনিবার (১২ জুলাই) দিবাগত রাত পৌনে ৩টার দিকে ঘটনাটাটি ঘটে। মুমুর্ষ অবস্থায় সহকর্মী ও স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক ৫টার দিকে মৃত ঘোষণা করেন।

তাকে হাসপাতালে নিয়ে আসা সহকর্মী মো. হানিফ জানান, তারা গাবতলি হাটে গরুর রাখালী করে। রাতে জানতে পারি মিরপুর মাজার রোডে রাস্তা পার হওয়ার সময় কোন এক যানবাহনের ধাক্কায় গুরুতর আহত হয়। পরে সোহেলকে দ্রুত সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে মারা যায়।

হাসপাতালে মৃত ব্যক্তির স্ত্রী মোছা কুলসুম আক্তার জানান, তারা কল্যানপুর ১১নম্বর রোডে থাকেন। তাদের ঘরে তিন মেয়ে এক ছেলে রয়েছে। তার স্বামী গাবতলি হাটে গরুর রাখালী করতো। রাতে জানতে পারি মাজার রোডে তার স্বামী সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে। তাকে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেছে। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে মারা যায়। তাদের গ্রামের বাড়ি ভোলা সদর উপজেলায়। সোহেলের বাবার নাম মৃত আব্দুর রহমান।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।