কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় গুলিবিদ্ধ চিকিৎসাধীন দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তারা হলেন, ইমতিয়াজ আহমেদ ডালিম (২০) ও মাইনুদ্দিন (২৫)। শুক্রবার (২৬ জুলাই) ভোর ৪টার দিকে মারা যান রাজধানীর রামপুরা এলাকায় গুলিবিদ্ধ শিক্ষার্থী ইমতিয়াজ আহমেদ ডালিম। গত বৃহস্পতিবার রাত ২টার মৃত্যু হয় যাত্রাবাড়ী রায়েরবাগে গুলিবিদ্ধ মাইনুদ্দিনের (২৫)।

ইমতিয়াজের বাবা নওশের আলী জানান, ১৯ জুলাই ইমতিয়াজ রামপুরা এলাকায় গুলিবিদ্ধ হয়। পরে পথচারীরা তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করে। আটদিন চিকিৎসাধীন থাকার পর শুক্রবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, তাদের বাড়ি যশোর জেলার ঝিকরগাছা উপজেলায়। ইমতিয়াজ তেজগাঁওয়ে অবস্থিত সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ে বিবিএ পড়ত। থাকত রামপুরার বনশ্রী এলাকায়। দুই ভাই-বোনের মধ্যে সে ছিল বড়।

মাইনুদ্দিনের মা মাহফুজা বেগম জানান, তাদের গ্রামের বাড়ি গোপালগঞ্জ সদরে। তার ছেলে মাইনুদ্দিন স্ত্রী মায়মুনা আক্তারকে নিয়ে যাত্রাবাড়ী রায়েরবাগ এলাকায় থাকত। সেখানে একটি মাদ্রাসায় পড়াশোনা করত এবং টিউশনের সঙ্গে যুক্ত ছিল। ২১ জুলাই মাইনুদ্দিন রায়েরবাগ এলাকায় গুলিবিদ্ধ হয় মাইনুদ্দিন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া ইমতিয়াজ ও মাইনুদ্দিনের মৃত্যুর বিষয় নিশ্চিত করে জানান, নিহত ইমতিয়াজ ঊরুতে দুটি ও মাইনুদ্দিন পিঠ ও গলায় গুলিবিদ্ধ হন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।