কোটা সংস্কার ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামসহ ৩ জনকে রাজধানীর গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে হেফাজতে নেওয়ার কারণ জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ।

শনিবার (২৭ জুলাই) দুপুরে রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রধান সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদার এই ৩ জনকে আমরা শুক্রবার রাতে নিয়ে এসেছি। তারা ফেসবুকে নিরাপত্তাহীনতার কথা বলেছিলেন। তাদের একজনের বাবাও নিরাপত্তাহীনতার কথা বিভিন্ন জায়গায় বলেছেন। আমরা মনে করি আইনশৃঙ্খলা বাহিনী হিসেবে কেউ যদি কোথাও নিরাপত্তাহীনতার কথা বলেন, আমাদের দায়িত্ব তাদের সেফটি-সিকিউরিটি দেওয়া। তাই তাদের সেফটি-সিকিউরিটি দিচ্ছি।

হারুন অর রশীদ আরও বলেন, পাশাপাশি গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর এবং আরও কিছু নেতাদের রিমান্ডে এনে জিজ্ঞাসা করছি। তারা জিজ্ঞাসাবাদে বলেছেন, সমন্বয়কদের সঙ্গে তাদের কথা হয়েছে। তাই অন্যান্য নেতাদের সঙ্গে সমন্বয়কদের কী কথা হয়েছে, এগুলো জানার জন্য জিজ্ঞাসাবাদ করবো। পাশাপাশি আমরা সমন্বয়কদের সেফটি-সিকিউরিটি দেবো।

উল্লেখ্য, নাহিদ, আসিফ ও আবু বাকের তিনজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। কোটা সংস্কার আন্দোলনকারীরা দাবি আদায়ে সারা দেশে কমপ্লিট শাটডাউন (সর্বাত্মক অবরোধ) কর্মসূচি দেওয়ার পর ২০ জুলাই রাতে এক বন্ধুর বাসা থেকে নাহিদকে কে বা কারা আটক করে তুলে নিয়ে যায়। একদিন পর পূর্বাচল এলাকায় তাকে ফেলে যাওয়া হয়। এরপর থেকে তিনি এই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অপর দুই সমন্বয়ক আসিফ ও বাকেরকেও ১৯ জুলাই তুলে নেওয়া হয়েছিল। পাঁচ দিন পর তাদের দুজনকে ছেড়ে দেওয়া হয়। নাহিদের বোন ফাতিমা তাসনীম বলেন, চারজন ব্যক্তি তাদের ডিবি ও সিটিটিসি পরিচয়ে তিনজনকে নিয়ে যান।