রাজধানীর মোহাম্মদপুরের বাবর রোডের এফ ব্লকের ২৯/২ ও ৩ নম্বর বাড়ি থেকে বিপুল পরিমাণের দেশি-বিদেশি মুদ্রা উদ্ধার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। শুক্রবার (১৬ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার ওবায়দুর রহমান অভিযান পরিচালনার বিষয়টি নিশ্চিত করেন।
ডিএমপি মিডিয়া জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশি-বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়। বাসাটি ত্রাণ ও দুর্গম ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সাবেক সচিব শাহ কামালের। ওই বাসা থেকে ৩ কোটি ১ লাখ ১০ হাজার ১৬৬ টাকা এবং ১০ লাখ ৩ হাজার ৩০৬ টাকা মূল্যের বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়। বিদেশি মুদ্রার মধ্যে রয়েছে তিন হাজার ইউএস ডলার, এক হাজার মালোয়শিয়া রিংগি, দুই হাজার ৯৬৯ সৌদী রিয়াল, চার হাজার ১১২ সিঙ্গাপুরী ডলার, এক হাজার ৯১৫ অট্রেলিয়ান ডলার, ২৫ হাজার কোরিয়ান ইয়াং ও ১৯৯ চাইনিজ ইয়াং। এছাড়াও ১০০ টাকার ৭৪৪টি প্রাইজ ব্রন্ড উদ্ধার করা হয়, যার মূল্য ৭৪ হাজার ৪০০ টাকা।
এদিকে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মোহাম্মদপুরের ওই বাসাটি ৬ তলা। বাসার দ্বিতীয় তলায় সাবেক সচিব শাহ কামাল পরিবার নিয়ে থাকেন। পরে স্থানীয়রা জানতে পারেন বাসাটিতে বিপুল পরিমাণের টাকা লুকিয়ে রাখা হয়েছে। এরপর স্থানীয় জনতা ঐ ভবনটি ঘিরে ফেলে। এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের খবর দেন। স্থানীয় জনতা থেকে খবর পেয়ে বাসাটিতে ডিএমপির একাধিক টিম যায়। পরে ডিএমপির অভিযান বাসাটি থেকে বিপুল পরিমাণে দেশি বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়।


মন্তব্য করুন