পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে সাত সপ্তাহের লম্বা সফরে ভারতে আসছে ইংল্যান্ড। এই সফরে ইংল্যান্ড দলের সঙ্গে আসছেন একজন রাঁধুনিও। ওমর মেজিয়ান নামের ওই রাঁধুনি আগেও ইংলিশদের সফর সঙ্গী হয়েছিলেন। জানা গেছে, উপমহাদেশের মসালাদার খাবার পছন্দ নয় বেন স্টোকদের, তাই এই ব্যবস্থা।

দ্য টেলিগ্রাফ জানিয়েছে, ভারত সফরে দলের সঙ্গে এক রাঁধুনিকে নিয়ে যাচ্ছে ইংল্যান্ড। সাত সপ্তাহের সফরে ক্রিকেটারেরা যাতে অসুস্থ না হয়, তা নিশ্চিত করতেই রাঁধুনি নিয়ে যাওয়া হচ্ছে। আগামী ২৫ জানুয়ারি হায়দ্রাবাদে শুরু হবে প্রথম টেস্ট। তার আগেই দলের সঙ্গে যোগ দেবেন রাঁধুনি। তার দায়িত্ব থাকবে ক্রিকেটারদের পুষ্টির দিকে নজর দেওয়া।

জানা যায়, ভারত সফরে শরীর ঠিক রাখতেই মেজিয়ানের রান্নার ওপর ভরসা করছে সফরকারী দলটি। যেখানে মেজিয়ান ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড ফুটবল দলের রাঁধুনি হিসাবে পরিচিত। তিনি ইংল্যান্ডের ক্রিকেট দলের হয়েও ইতিপূর্বে কাজ করেছেন।

এর আগে ২০২২ সালের ডিসেম্বরে স্টোকসদের সঙ্গে পাকিস্তান সফরেও গিয়েছিলেন মেজিয়ান। কেননা ইংল্যান্ডের অধিকাংশ ক্রিকেটার ভারতীয় উপমহাদেশের মশালাদার খাবার পছন্দ করেন না। পাকিস্তান সফরে দলের একাধিক ক্রিকেটারের পেটের সমস্যাও হয়েছিল। তাই ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজের আগে সতর্ক ইংল্যান্ড। তারা ভারতের খাবারের ওপর আস্থা রাখতে পারছেন না।

সাত সপ্তাহের এই সফরে ইংল্যান্ড হায়দ্রাবাদ, বিশাখাপত্তনম, রাজকোট, রাঁচি এবং ধর্মশালায় টেস্ট খেলবে।