ট্রেডিং কপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) কম দামের পণ্য আগে লাইনে দাঁড়িয়ে যে কেউ কিনতে পারত। তবে বিদায়ি আওয়ামী লীগ সরকারের শেষ পাঁচ বছরের মেয়াদে এসে এ নিয়ম উঠিয়ে দিয়ে ১ কোটি পরিবারের জন্য কার্ড দিয়ে দেয় এবং বলে দেয়-এই কার্ডধারীরাই কেবল কিনতে পারবে টিসিবির পণ্য। এই ১ কোটি কার্ড আওয়ামী লীগ সরকার যে দলীয় লোকজনের নামে। ফলে সাধারণ মানুষের জন্য টিসিবির পণ্য কেনার পথ বন্ধ হয়ে যায়। বর্তমান অন্তর্বর্তী সরকার কার্ডে পণ্য কেনার পাশাপাশি আবারও পূর্বের ন্যায় টিসিবির পণ্য প্রাপ্তি সবার জন্য উন্মুক্ত করে দিল। গতকাল বাণিজ্য মন্ত্রণালয় থেকে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, বৃহস্পতিবার (২৪ অক্টোবর) থেকে কার্ডধারীদের পাশাপাশি কার্ড ছাড়াও টিসিবির নির্ধারিত পয়েন্টে ট্রাকের সামনে লাইনে দাঁড়িয়ে টিসিবির ন্যায্যমূল্যের তিনটি পণ্য সাধারণ মানুষ কিনতে পারবে। মোট ৪৭০ টাকা দিয়ে ৫ কেজি চাল, ২ কেজি মসুর ডাল, ২ লিটার সয়াবিন নিতে পারবেন ভোক্তা। টিসিবির দায়িত্বপ্রাপ্ত তথ্য কর্মকর্তা মো. হুমায়ুন কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। পণ্যের দামের তালিকায় জানানো হয়েছে ভোজ্য তেল প্রতি লিটার ১০০ টাকা, মসুর ডাল প্রতি কেজি ৬০ টাকা এবং চাল প্রতি কেজি ৩০ টাকা নির্ধারণ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক নির্দেশনায় নিম্ন আয়ের ১ কোটি উপকারভোগী কার্ডধারী পরিবারের মাঝে সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্যাদি বিক্রয় কার্যক্রমের পাশাপাশি সাধারণ ভোক্তার কাছে ঢাকা মহানগরীতে ৫০টি ও চট্টগ্রাম মহানগরীতে ২০টি ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্যাদি তেল, ডাল ও খাদ্য অধিদফতর কর্তৃক সরবরাহকৃত চাল বিক্রয়ের ব্যবস্থা নেওয়া হয়েছে।
এই কার্যক্রম ২৪ অক্টোবর থেকে ৩১ নভেম্বর পর্যন্ত চলবে। তবে মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে না এলে পরবর্তীতে কার্যক্রম বৃদ্ধি করা হতে পারে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বৃহস্পতিবার সকাল ১০টায় দক্ষিণ বেগুনবাড়ী (দীপিকার মোড়), তেজগাঁও শিল্প এলাকা থেকে এ কার্যক্রম উদ্বোধন করবেন।
৬৫০ টাকায় সবজিসহ ১০ কৃষিপণ্য কিনতে লম্বা লাইন : এদিকে গত সপ্তাহে রাজধানীতে পাইলট প্রকল্প হিসেবে নিম্ন আয়ের মানুষের জন্য ভর্তুকি মূল্যে সবজিসহ কৃষিপণ্য বিক্রি শুরু হয়েছে। প্রতিদিন ঢাকার ২০টি এলাকায় এসব পণ্য বিক্রি করা হচ্ছে। সরকারের কৃষি বিপণন অধিদফতর এই উদ্যোগ বাস্তবায়ন করছে। ওএমএস (ওপেন মার্কেট সেল) কর্মসূচির আওতায় ট্রাকসেলের মাধ্যমে ৬৫০ টাকায় ১০টি কৃষিপণ্য ক্রেতাদের হাতে তুলে দেওয়া হচ্ছে। এর মধ্যে রয়েছে-৫ কেজি আলু ১৫০ টাকা, এক ডজন ডিম ১৩০ টাকা, এক কেজি পেঁয়াজ ৭০ টাকা। এ ছাড়া এক কেজি মিষ্টি কুমড়া, করলা, পটোল, কচুমুখি ও ১০০ গ্রাম কাঁচামরিচ এবং ৩ কেজি পেঁপে সবমিলিয়ে ২৫০ টাকা আর একটি লাউ ৫০ টাকাসহ মোট ১০টি পণ্যের দাম ৬৫০ টাকা ধরা হয়েছে।
গত ১৫ অক্টোবর রাজধানীর খাদ্য ভবনের সামনে এই কর্মসূচির উদ্বোধন করেন বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। কর্মসূচি উদ্বোধন করে তিনি বলেন, ভোক্তারা যাতে সুলভমূল্যে ক্রয়ক্ষমতার মধ্যে সবকিছু পায় সে জন্য আমাদের এ প্রচেষ্টা।
ঢাকার জ্যেষ্ঠ কৃষি বিপণন কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, সকাল ৮টায় মানিক মিয়া অ্যাভিনিউয়ের সেচ ভবন থেকে পণ্যবাহী ট্রাকগুলো গন্তব্যের উদ্দেশে রওনা হয়। পণ্য শেষ না হওয়া পর্যন্ত প্রতিদিন বিক্রি চলে। পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত এই বিক্রি কার্যক্রম চলবে বলেও জানান তিনি। রাজধানীর ২০ স্থানে মিলবে এ সবজি। এর মধ্যে রয়েছেÑখাদ্য ভবন, মানিক মিয়া অ্যাভিনিউ, মিরপুর-১০, বাসাবো, বসিলা, রায়ের বাজার, রাজারবাগ, মুগদা-উত্তর, মুগদা-দক্ষিণ, পলাশী মোড়, হাজারীবাগ, মোহাম্মদপুর, গাবতলী, মহাখালী বাসস্ট্যান্ড, বেগুনবাড়ী, উত্তরখান, দক্ষিণ খান, কামরাঙ্গীরচর, রামপুরা ও জিগাতলা।
রাজধানী ঢাকায় ওএমএস বা খোলাবাজারে বিক্রি কার্যক্রমের আওতায় আলু, ডিম, পেঁয়াজ, পটোলসহ কয়েকটি কৃষিপণ্য বিক্রির এ কর্মসূচি চালুর পর গত এক সপ্তাহে ভোক্তাদের, বিশেষ করে নিম্ন আয়ের মানুষের মধ্যে এটি ব্যাপক সাড়া ফেলেছে। ট্রাকের পেছনে লম্বা সারিতে দাঁড়িয়ে কম দামে সবজি কিনছেন মানুষরা।
প্রায় দুই সপ্তাহ ধরে বাজারে সবজি, ডিমসহ বেশিরভাগ নিত্যপণ্য চড়া দামে বিক্রি হচ্ছে। জিনিসপত্রের মূল্যবৃদ্ধির কারণে বড় ধরনের চাপে রয়েছেন সাধারণ মানুষ। এ অবস্থায় সরকার আমদানি শুল্ক কমানো, বাজার তদারকিসহ বিভিন্ন উদ্যোগ নিয়েছে। এ ছাড়া নিম্ন আয়ের মানুষের জন্য এই প্রথমবারের মতো ওএমএসের মাধ্যমে কৃষিপণ্য বিক্রি শুরু করেছে সরকারি সংস্থা কৃষি বিপণন অধিদফতর।
কৃষি বিপণন অধিদফতরের কর্মকর্তারা জানান, আগামী দুই সপ্তাহ পাইলট বা পরীক্ষামূলকভাবে এ বিক্রয় কার্যক্রম চালানো হবে। এই প্রকল্প সফল হয়ে সবজি বিক্রির স্থান ও পরিমাণ বাড়ানো হবে।


মন্তব্য করুন