৮০ কোটি ডলার বকেয়া থাকায় তা আদায়ে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ আরও কমিয়ে দিয়েছে ভারতের আদানি পাওয়ার। ভারতের ঝাড়খণ্ড রাজ্যে গোড্ডা বিদ্যুৎ কেন্দ্রের সক্ষমতা ১৬০০ মেগাওয়াট। এখান থেকে ঢাকায় ১৪০০ থেকে ১৫০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছিলো। ৫ অগাস্টের পর থেকে সরবরাহ কমতে থাকে। গত মাসের শেষ দিকে আদানীর পক্ষ থেকে চিঠি দিয়ে বলা হয় বকেয়া পরিশোধ না করলে সরবরাহ বন্ধ করে দেয়া হবে। পরে এই বক্তব্য থেকে সরে বিদ্যুৎ সরবরাহ অব্যাহত করে তারা। তবে, গত ২ দিন ধরে আদানী ৫ম মেগাওয়াটের কিছু বেশি বিদ্যুৎ সরবরাহ করছে।
বাংলাদেশের পাওয়ার গ্রিডের ওয়েব সাইটে দেয়া তথ্য অনুযায়ী, ৭ নভেম্বর রাত ৮ টায় সর্বোচ্চ ৭১৮ মেগওয়াট বিদ্যুত সবরাহ করা হয়। এরপর থেকে ৫শ মেগাওয়াটের কিছু বেশি বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। শনিবার (৯ নভেম্বর) বিকেল ৪ টায় ৫১৮ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হয়।
বিদ্যুৎ সংশ্লিষ্টরা বলছেন, আদানীর বকেয়া অল্প অল্প করে পরিশোধ করা হচ্ছে। এ প্রসঙ্গে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আদানির যে ব্যাকলগ হয়েছে সেটার জন্য মূলত দায়ী আগের স্বৈরাচারী সরকার। তারা বিশাল অংকের বকেয়া রেখে গেছে। সে কারণে এটা বেড়ে গিয়েছিল। আমরা গত মাসে ৯৭ মিলিয়ন ডলার পরিশোধ করেছি, যেটা তার আগের মাসের দ্বিগুণ।
অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান গণমাধ্যমে বলেন, আমরা ধীরে ধীরে বকেয়া পরিশোধ করছি এবং কেউ সরবরাহ বন্ধ করলে বিকল্প ব্যবস্থা নেওয়া হবে। আমরা কোনো বিদ্যুৎ উৎপাদনকারীকে আমাদের জিম্মি করতে দেব না।
বিপিডিবি কর্মকর্তা বলেন, বকেয়া পরিশোধ ত্বরান্বিত করা এবং গত ৭ নভেম্বর আদানি বকেয়া পরিশোধের সময়সীমা তুলে নিলেও বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ ক্রমান্বয়ে কমছে।


মন্তব্য করুন