পাকিস্তানের করাচি বন্দর থেকে পণ্যবাহী একটি জাহাজ বুধবার সরাসরি চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। যার মধ্য দিয়ে প্রথমবারের মতো সমুদ্রপথে পণ্য আনা-নেওয়া প্রক্রিয়ায় যুক্ত হলো বাংলাদেশ ও পাকিস্তান।

ঢাকায় অবস্থিত পাকিস্তান হাইকমিশন বুধবার জানিয়েছে, করাচি বন্দর থেকে পণ্যবাহী একটি জাহাজ বুধবার (১৩ নভেম্বর) সরাসরি চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। সমুদ্রপথের সরাসরি এই যোগাযোগের মধ্য দিয়ে সরবরাহ ব্যবস্থার দারুণ উন্নতির বার্তা দেয় এবং এই প্রক্রিয়ায় সময়ও কম লাগে। জাহাজটি ২৩০০ টিইইউএস ধারণক্ষমতার কন্টেইনারভর্তি একাধিক পণ্য নিয়ে করাচি থেকে চট্টগ্রাম পৌঁছে। দুই দেশের মধ্যে সমুদ্রপথে সরাসরি পণ্য পরিবহনের চাহিদা রয়েছে। ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ এই ঘটনাকে দুই দেশের বাণিজ্য সম্প্রসারণে উল্লেখযোগ্য অগ্রগতি বলে উল্লেখ করেছেন।

হাইকমিশনার বলেন, এই ঘটনা দ্বিপক্ষীয় বাণিজ্যে উন্নতির বার্তা দেওয়ার পাশাপাশি দুপক্ষের মধ্যে বাণিজ্য ক্ষেত্রে যে সব সুযোগ আছে তা এগিয়ে নেওয়ার বার্তা দিচ্ছে। যা ছোট ব্যবসায়ী থেকে বৃহৎ উদ্যোক্তাসহ সবার জন্যই কাজে আসবে।