মোহালিতে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ভারত ৬ উইকেটে হারিয়েছে আফগানিস্তানকে। আফগানদের করা ১৫৮ রান ১৫ বল হাতে রেখে টপকে যায় স্বাগতিকরা।

জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে এক বছর পর টি-টোয়েন্টিতে ফেরা রোহিত শর্মা রান আউট হন শূন্য রানে। তবে শুবমান গিল ও তিলক ভার্মা প্রাথমিক ধাক্কা সামলে দলের রানের চাকা সচল রাখেন। গিল ২৩ বলে ১২ ও তিলক ২২ বলে ২৬ রান করেন।

শিবম দুবে ক্যারিয়ারের দ্বিতীয় টি-টোয়েন্টি ফিফটি করেন ৩৮ বলে। শেষ পর্যন্ত ক্যারিয়ারসেরা ৬০ রানে অপরাজিত থাকেন। তার ৪০ বলের ইনিংসে ছিল ৫ চার ও ২ ছক্কা। এ ছাড়া জিতেশ শর্মার ৩১ রান করেন। রিংকু সিং অপরাজিত ছিলেন ১৬ রানে।

তার আগে টস হেরে আগে ব্যাট করে আফগানিস্তান লড়াই করতে ১৫৮ এর পুঁজি পেয়েছিল মোহাম্মদ নবির ৪২ রানের ইনিংসে। ম্যাচসেরা হন দুবে।