চালের দাম ক্রমেই বাড়ছে। এ অবস্থায় দাম সহনীয় রাখতে প্রয়োজনে বিশেষ ওএমএস (খোলা বাজারে চাল বিক্রি) চালু করা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। মঙ্গলবার (৭ জানুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

চালের দাম বাড়ছে- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে অর্থ উপদেষ্টা বলেন, ‘একটি স্পেসিফিক আইটেম চালের ক্ষেত্রে দাম কিছুটা বেড়েছে। অন্যান্যগুলোর ওভারঅল খুব বেশি বেড়েছে, তা নয়। সাপ্লাই চেইনের কারণে এটা (চালের দাম বৃদ্ধি) হয়েছে।’

তিনি বলেন, ‘আমরা দেখছি, যাতে মধ্যস্বত্বভোগীদের কারণে চালের দাম না বাড়ে। এটা মেজর কনসার্ন। চালের দাম একটু যখন বাড়ছিল তখন আমি সঙ্গে সঙ্গেই খাদ্য ও বাণিজ্য উপদেষ্টাকে বলেছি।’

মঙ্গলবার সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভায় খাদ্য মন্ত্রণালয়কে নন-বাসমতি সেদ্ধ চাল আমদানি করতে বলা হয়েছে জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, ‘বলেছি আপনারা যেখান থেকে পারেন চাল আমদানি শুরু করেন। প্রয়োজনে বাফার স্টক করে রাখেন। বাফার স্টক থাকা মানে সরকারের যদি একটা স্টক থাকে তাহলে বাইরে যারা আছে তারা একটু সংযত হয়। দরকার হলে আমরা বলেছি স্পেশাল ওএমএস করে দেবো।’

রমজান শেষ না হওয়া পর্যন্ত পণ্যের শুল্কে পরিবর্তন আনা হবে না

রমজান শেষ না হওয়া পর্যন্ত পণ্যের শুল্কে পরিবর্তন আনা হবে না বলেও এ সময় জানান অর্থ উপদেষ্টা। রমজানে নিত্যপণ্যের সরবরাহ ও দামের বিষয়ে জানতে চাইলে অর্থ উপদেষ্টা বলেন, এরই মধ্যে ছোলা, ডাল, খেজুর আমদানি করা হয়েছে। সয়াবিন তেলও কিছুটা সহনীয় হয়ে এসেছে। যদি দরকার হয় আমরা আবার সয়াবিন তেলের বিষয়ে সিদ্ধান্ত নেবো। তিনি বলেন, সবচেয়ে বড় কথা হলো এখন থেকে বাজার মনিটরিংটা আরও জোরদার করতে হবে। শুধু ভোক্তা সংরক্ষণ আইন দিয়ে হবে না। এখন ২০০ টাকার পেঁয়াজ ৪০ টাকায় নেমে এসেছে। আমাদের দেশে পণ্যের দাম বেড়ে যায় আবার নেমে যায়। পৃথিবীর উন্নত দেশগুলোতে দাম কিন্তু মোটামুটি স্থিতিশীল থাকে।

নতুন করে আবার পেঁয়াজ আমদানির ওপর শুল্ক আরোপ করা হবে কি না- জানতে চাইলে অর্থ উপদেষ্টা বলেন, আমরা রমজান শেষ হওয়ার আগে আর কোনো ডিউটি কাঠামো পরিবর্তন করবো না। মেসেজ দেওয়া হয়েছে, রমজান শেষ হওয়া পর্যন্ত আমরা শুল্কে কোনো পরিবর্তন আনবো না।

আয়কর দেন না এমন ব্যবসায়ীদের খুঁজতে নির্দেশ

এদিকে আয়করের যোগ্য তবে কর দেন না এমন ব্যবসায়ীদের খুঁজে বের করতে এনবিআরকে জরিপ করার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। করের আওতা বাড়ানো হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

ভ্যাটের পর আয়করের আওতা নাকি বাড়ানো হচ্ছে এবং কোনো কোনো ক্ষেত্রে রেওয়াতি সুবিধাও তুলে নেওয়া হচ্ছে- এ বিষয়ে অর্থ উপদেষ্টা বলেন, আয়করটা আমরা রেশনালাইজ করবো। যার সামর্থ্য আছে তাকে একই হারে কর দিতে হবে। একজনের সামর্থ্য আছে, কিন্তু অন্যভাবে ম্যানেজ করবে, সেটা যাতে না করা হয়। আমাদের করের সংগ্রহটা বাড়াতে হবে। আয়করের আওতা বাড়াবো সাথে, তবে খুব বেশি বাড়াতে পারবো না।’

সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘বহু ব্যবসায়ী আছেন, যাদের ভ্যাট রেজিস্ট্রেশন নেই, আয়কর দেন না। আমি এনবিআরকে বলেছি, তোমরা কুইক একটা সার্ভে (জরিপ) করে দেখো। থানা হেডকোয়ার্টারে (উপজেলা শহরে) একটা মুদি দোকান, দেখেন না বহু টাকা আয় করে।’

তিনি আরও বলেন, ‘যারা এতদিন ব্যবসায়ে সুযোগ পায়নি, কারণ লেভেল প্লেয়িং ফিল্ড ছিল না, আমরা তাদের উৎসাহিত করবো।’

এক প্রশ্নের জবাবে সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘আমরা যদি পদক্ষেপ না নিতাম তবে রিজার্ভ ২২ বিলিয়ন ডলার হতো না, ৪ দশমিক ৫ বিলিয়ন ডলার বকেয়া ছিল, সেটাও পরিশোধ হতো না।’

মূল্যস্ফীতি নিয়ে সন্তুষ্ট কি না- প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘মূল্যস্ফীতি এক শতাংশ কমেছে। ট্রেন্ডটা যদি আরেকটু বেটার হয়, আমরা আশা করি আরও কমে যাবে।’