টানা ২০ মাস ফ্লোর প্রাইসে আটকা ছিল দেশের পুঁজিবাজার। স্বাধীনভাবে লেনদেন করতে না পেরে বিনিয়োগকারীদের শেয়ার ক্রয়ে ছিল অনীহা। লেনদেন নেমে এসেছিল তলানিতে। তবে ফ্লোর প্রাইস প্রত্যাহারের দ্বিতীয় কার্যদিবসেই পাওয়া গেল সুফল। ছয় মাসেরও বেশি সময় পর লেনদেন ছাড়াল হাজার কোটির ঘর। দেড় বছর পর দুই শতাধিক শেয়ারের দর বাড়ল।

বাজার বিশ্লেষকরা বলছেন, হাত-পা বেঁধে সমুদ্রে সাঁতার কাটতে ছেড়ে দিলে যে অবস্থা হবে এতদিন পুঁজিবাজারের সেই অবস্থা ছিল। নিয়ন্ত্রিত বাজার থাকায় বিনিয়োগকারীরা ইচ্ছামতো লেনদেন করতে পারছিল না। এখন ফ্লোর প্রাইস তুলে নেওয়ায় স্বাধীনভাবে লেনদেন সম্ভব হচ্ছে। ফলে পুঁজিবাজারে উত্থান শুরু হয়েছে।

ডিএসইর ব্রোকারদের সংগঠন ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশনের (ডিবিএ) সভাপতি সাইফুল ইসলাম বলেন, ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর বিনিয়োগে আস্থা ফিরে পেতে যতটা সময় লাগবে বলে ধারণা করা হয়েছিল, সেটি লাগেনি। দ্রুতই বাজার ঘুরে দাঁড়িয়েছে।

গত বৃহস্পতিবার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ৩৫টি কোম্পানিকে ফ্লোর প্রাইসে রেখে বাকিদের জন্য বাজার উন্মুক্ত করে দেয়। এরপর রোববার ফ্লোর প্রাইস ছাড়া লেনদেন করা প্রতিষ্ঠানগুলোর শেয়ারে ব্যাপক দরপতন ঘটে। পাশাপাশি মূল্যসূচকও কমে যায় ৯৬ পয়েন্ট। তবে এক দিন পরে গতকাল সোমবার ঘুরে দাঁড়িয়েছে পুঁজিবাজার।

গতকাল দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দাম বাড়ার তালিকায় স্থান করে নিয়েছে ২০৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। বিপরীতে দাম কমেছে ১৪৫টির। আর ৪০টির দাম অপরিবর্তিত রয়েছে। এতে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১৪ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২৫৪ পয়েন্টে দাঁড়িয়েছে।

অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ আগের দিনের তুলনায় ৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৮০ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ১০ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৪৭ পয়েন্টে অবস্থান করছে।
দিন শেষে ডিএসইতে লেনদেন হয়েছে ১ হাজার ৪২ কোটি ২২ লাখ টাকা। যা আগের কার্যদিবসে হয় ৫৮৮ কোটি ৮৭ লাখ টাকা। ২০২৩ সালের ১৮ জুলাই ১ হাজার ৪৪ কোটি ৫৬ লাখ টাকা লেনদেন হয়েছিল।

এই লেনদেন বাড়াতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে বিডি থাই অ্যালুমেনিয়ামের শেয়ার। দিনভর কোম্পানিটির ৩২ কোটি ৮৩ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা অ্যাসোসিয়েটেড অক্সিজেনের ৩০ কোটি ৩২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ২৭ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে ওরিয়ন ইনফিউশন।

এ ছাড়া ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে- লাফার্জহোলসিম বাংলাদেশ, কর্ণফুলী ইন্স্যুরেন্স, দেশবন্ধু পলিমার, সী পার্ল বীচ রিসোর্ট, বিচ হ্যাচারি, সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স এবং বাংলাদেশ শিপিং করপোরেশন।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ৯৩ পয়েন্ট। বাজারটিতে লেনদেনে অংশ নেওয়া ২৬৭টি প্রতিষ্ঠানের মধ্যে ১২৩টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১১৮টির এবং ২৬টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ২১ কোটি ৮১ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ১২ কোটি ৭৪ লাখ টাকা।

এদিকে পুঁজিবাজারের লেনদেনে গতি ফিরে আসায় আরও ২৩টি কোম্পানির ওপর থেকে ফ্লোর প্রাইস বা সর্বনিম্ন মূল্যস্তর তুলে নেওয়া হয়েছে। গতকাল লেনদেন শেষে এ সংক্রান্ত আদেশ জারি করেছে বিএসইসি। এর ফলে বাজারে এখন ফ্লোর প্রাইস আরোপ রয়েছে মাত্র ১২টি কোম্পানির শেয়ারের ওপর।

সিভিসি ব্রোকারেজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আফতাব উদ্দিন বিশ্বাস বলেন, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা যেমন বিনিয়োগ বাড়িয়েছে, তেমনি অনেক ব্যক্তিও শেয়ার কিনেছেন। কিছু শেয়ারে অনেক দিন ধরে বিনিয়োগকারীরা আটকে ছিল ক্রেতার অভাবে। যারা শেয়ার কিনেছেন, তারা এই সুযোগটি লুফে নিয়েছেন। এখন শেয়ার কেনাবেচা দুটিই করা যাচ্ছে। এতে পুরোনো বিনিয়োগকারীরাও বাজারে ফিরে আসছেন।