লম্বা সময় ধরেই নানান সমস্যায় ভুগছে দেশের ফুটবল। এর মধ্যে সবথেকে বড় সমস্যা মাঠের অপ্রতুলতা। এতে প্রিমিয়ার লিগসহ বিভিন্ন টুর্নামেন্ট আয়োজনে রীতিমতো হিমশিম খাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বিষয়টি নিয়ে বুধবার সচিবালয়ে যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপনের সঙ্গে বৈঠক করেছে বাফুফে প্রতিনিধি দল। সেখানে ইতিবাচক সাড়াও পেয়েছেন তারা।

শারীরিক অসুস্থতার কারণে বৈঠকে যোগ দিতে পারেননি বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। তবে তার অনুপস্থিতিতে ক্রীড়ামন্ত্রীর সঙ্গে বৈঠকে যোগ দেন সংস্থাটির সিনিয়র সহ-সভাপতি সালাম মুর্শেদী, সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ, মহিউদ্দিন আহমেদ এবং নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ। বৈঠক শেষে সালাম মুর্শেদী বলেন, ‘এই প্রথম মন্ত্রীর সঙ্গে বসলাম। আমরা অত্যন্ত খুশি। তিনি ক্রীড়া পরিবারেরই মানুষ। আমাদের সমস্যার কথা শুনেছেন। আমরা তাকে মাঠের সমস্যার কথা বলেছি। বঙ্গবন্ধু স্টেডিয়ামে চার বছর (আসলে আড়াই বছর) ধরে সংস্কারকাজ চলছে, আমরা লিগ-টুর্নামেন্টসহ আন্তর্জাতিক ম্যাচও আয়োজন করতে পারছি না।’

সংস্কারকাজের জন্য আড়াই বছর ধরে বঙ্গবন্ধু স্টেডিয়াম না পাওয়ায় ঢাকার বাইরে-রাজশাহী, গোপালগঞ্জ, ময়মনসিংহ এবং মুন্সীগঞ্জের ভেন্যুগুলোতে খেলা আয়োজন করতে হচ্ছে বাফুফেকে। সাম্প্রতিক অতীতে বসুন্ধরা কিংসের মাঠ কিংস অ্যারেনায় আন্তর্জাতিক ম্যাচ খেলতে হয়েছে জাতীয় দলকে। অন্যদিকে মেয়েদের দলের একমাত্র ভরসা কমলাপুর স্টেডিয়াম। সেখানকার টার্ফের অবস্থাও বেহাল। এমতাবস্থায় ক্রীড়ামন্ত্রীর কাছে ফুটবলের জন্য চারটি আলাদা স্টেডিয়াম চেয়েছে বাফুফের প্রতিনিধি দল। সালাম মুর্শেদী বলেন, ‘আলাদা স্টেডিয়াম চেয়েছি অন্তত চারটি। মন্ত্রী মহোদয় দেবেন বলে আশ্বাস দিয়েছেন। তিনি স্টেডিয়ামগুলোকে আন্তর্জাতিক মানে উন্নীত করে দেওয়ার কথা বলেছেন, সেগুলোর রক্ষণাবেক্ষণে জোর দিয়েছেন। আমরা বলেছি-বাফুফেকে স্টেডিয়ামগুলো দিলে আমরা তা রক্ষণাবেক্ষণ করব।’

পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপনও ব্যক্ত করেছেন ফুটবলকে সমস্যামুক্ত করার আশাবাদ। ক্রীড়াঙ্গনে ‘গুড গভর্নেন্স’ নিশ্চিত করবেন-এমনটা জানিয়ে তিনি বলেন, ‘আমাদের নারী ফুটবলাররা ধারাবাহিকভাবে ভালো ফলাফল করছে। পুরুষরাও ভালো করছে। তারা ধীরে ধীরে উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে। তবে ফুটবলের কিছু সমস্যা রয়েছে। ফুটবল ফেডারেশন মাঠ সংকটে রয়েছে। বঙ্গবন্ধু স্টেডিয়ামের আধুনিকায়ন এবং সংস্কারকাজ চলমান। ৩১ ডিসেম্বর এটি সমাপ্তির জন্য একটা ডেডলাইন রয়েছে। এটি যেন আর বিলম্ব না হয়, সেদিকে আমরা সচেষ্ট থাকব। ইতিমধ্যে আমি দ্রুততম সময়ে কাজ শেষ করার নির্দেশ দিয়েছি।’

কাজ শেষ হলে বঙ্গবন্ধু স্টেডিয়াম পরিদর্শন করবেন বলে জানান ক্রীড়ামন্ত্রী। এর আগেই তিনি পরিদর্শন করতে চান কমলাপুর স্টেডিয়াম, ‘কমলাপুর স্টেডিয়ামটি আপগ্রেডের বিষয়টিও আমরা ভাবছি। এই স্টেডিয়াম যদি আরও উন্নত করা যায় তা হলে সেখানেও ফুটবল ফেডারেশন অনেক টুর্নামেন্ট আয়োজন বা নানাভাবে ব্যবহার করতে পারবে।’ ক্রীড়ামন্ত্রী যোগ করেন, ‘ফুটবলের ব্যাপ্তি অত্যন্ত বেশি। দেশে-বিদেশে খেলায় অংশগ্রহণের নানা ব্যয়ের ফলে বাজেটে তাদের চাহিদাও বেশি থাকবে, এটাই স্বাভাবিক। ফুটবলসহ অন্যান্য খেলাধুলাকে এগিয়ে নিতে সরকারের পাশাপাশি প্রাইভেট সেক্টরকেও এগিয়ে আসার আহ্বান জানাই।’