ক্যারিয়ারের সূচনালগ্ন থেকেই চোটাঘাত সঙ্গী তার। তবুও খেলে চলেছেন। কিন্তু এবারের বিপিএলে যে অবস্থায় দেখা যাচ্ছে মাশরাফি বিন মোর্ত্তজাকে, সেটা জন্ম দিচ্ছে সমালোচনা। ‘আনফিট’ হয়েও মাঠে নামায় সম্প্রতি তাকে নিয়ে সরব হয়েছিলেন এক সময়ের সতীর্থ মোহাম্মদ আশরাফুল। নন্দিত এবং নিন্দিত এই ক্রিকেটারের মতে, আনফিট মাশরাফির উপস্থিতি বিপিএলের মান কমাচ্ছে। কথাটা যে উড়িয়ে দেওয়ার মতো নয়, এর আভাস মিলল স্বয়ং মাশরাফির কথাতেই।

যেহেতু ফিট নন, তাই বাস্তবতার নিরিখে তিনি অনুভব করছেন, এবারের বিপিএলে না খেললেই ভালো হতো। দশম বিপিএল শুরুর বেশ আগেই মাথাচাড়া দেয় মাশরাফির হাঁটুর চোট। চিকিৎসকরা অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছেন। কিন্তু নানান ব্যস্ততায় সময় বের করতে পারেননি নড়াইল এক্সপ্রেস। এরই মধ্যে আবার খেলতে নেমে পড়েছেন, কিন্তু মাঠে থাকছেন নিজের ছায়া হয়ে। ঠিকঠাক বোলিং করতে পারছেন না। মাঠে তার বিচরণেও ফুটে উঠছে-ম্যাচ খেলার মতো ফিট নন।

এই বাস্তবতা নেমেই সিলেট স্ট্রাইকার্স দলপতি বললেন, ‘সত্যি বলতে আদর্শ পরিস্থিতিতে

না হলে (পড়ুন না খেললে) ভালো হয়। তবে সবকিছু বা অনেক কিছু ব্যাখ্যা করা যায় না।

এমনিতে আমার সবকিছু ঠিক আছে, শুধু হাঁটুর সমস্যাটা হচ্ছে, যেটা খুব ছোট, কিন্তু ভোগাচ্ছে।’