প্রধানমন্ত্রী শেখ হাসিনা হস্তশিল্পকে ২০২৪ সালের ‘বর্ষপণ্য’ ঘোষণা করায় বাণিজ্য মন্ত্রণালয় ‘একটি গ্রাম, একটি পণ্য’ নিয়ে কাজ শুরু করেছে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। বুধবার পূর্বাচলে আন্তর্জাতিক কনভেশন সিটি বসুন্ধরায় বাংলাদেশ প্লাস্টিক গুডস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন আয়োজিত ১৬তম আন্তর্জাতিক প্লাস্টিক প্যাকেজিং অ্যান্ড প্রিন্টিং ইন্ডাস্ট্রিয়াল ফেয়ার-২০২৪-এর উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী জানান, অনেক দেশেই পাট ও প্লাস্টিক কম্বাইন্ড করে বিভিন্ন পণ্য উৎপাদন করছে। আমাদের দেশেও প্রযুক্তির ব্যবহার করে এ ধরনের পণ্য উৎপাদনে উদ্যোগ নিতে হবে। এটি করতে পারলে এই শিল্প সামনে আরও অনেক এগিয়ে যাবে। বিশেষ করে প্লাস্টিক রিসাইক্লিং ভবিষ্যতে বড় একটি খাতে পরিণত হবে। এ ধরনের প্রযুক্তি নিয়ে নতুন নতুন উদ্যোক্তা এগিয়ে আসবে এবং নতুন পণ্য ও বাজার নিয়ে কাজ করবে।
আহসানুল ইসলাম টিটু বলেন, প্লাস্টিক শিল্পকে আরও ইনোভেটিভ হতে হবে। কারণ, প্লাস্টিক পণ্যের বড় চ্যালেঞ্জ হলো, এটি পরিবেশবান্ধব নয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু গার্মেন্টস শিল্পের ওপর নির্ভর না করে পণ্য বহুমুখীকরণের ওপর বিশেষ গুরুত্ব দিতে বলেছেন। এ ক্ষেত্রে প্লাস্টিক, প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং পণ্য বহুমুখীকরণে নতুন একটি সেক্টর হিসেবে আবির্ভূত হবে।
প্লাস্টিক ইন্ডাস্ট্রি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে রফতানিতে একটি ভূমিকা রাখছে উল্লেখ করে তিনি বলেন, এই খাতকে আরও এগিয়ে নিতে নতুন নতুন বাজার অনুসন্ধান করতে হবে। পাশর্^বর্তী দেশগুলো বিশেষ করে ভারত ও এর সেভেন সিস্টার্সের বাজার ধরতে হবে।
বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, ‘একটি গ্রাম, একটি পণ্য’ নির্ধারণ করে উপজেলা, জেলা, বিভাগীয় এবং সবশেষ ঢাকায় মেলা করা হবে। এই পণ্যকে এসএমই এবং বেসিকের মাধ্যমে সহযোগিতা করা হবে। এর ফলে এসব পণ্য একদিকে যেমন রফতানি করে বৈদেশিক মুদ্রা অর্জন হবে অন্যদিকে স্থানীয় বাজারে চাহিদা পূরণ করা সম্ভব হবে।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণিজ্য মেলা উদ্বোধনকালে হস্তশিল্পকে ২০২৪ সালের বর্ষপণ্য ঘোষণা করেছেন। আমরা সারা বছর এই পণ্য নিয়ে কাজ করব। আমরা জানি, দেশের কুটির শিল্পের সঙ্গে নারীরা বেশি সম্পৃক্ত। নারীদের ক্ষমতায়নের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টিতে হস্তশিল্প ব্যাপক ভূমিকা রাখবে। বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে সব ধরনের সুবিধা দেওয়া হবে।
আহসানুল ইসলাম বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের কাজ ব্যবসায়ীদের নীতিগত সহায়তা প্রদান করা, যা অব্যাহত রয়েছে। আমাদের বর্তমান যে কাঠামো আছে, তা দিয়ে ১০০ বিলিয়ন মার্কিন ডলার রফতানি আয় করা সম্ভব। গার্মেন্টস শিল্পের ওপর নির্ভরতা কমিয়ে পাট ও পাটজাত এবং চামড়া ও চামড়াজাত পণ্য, প্লাস্টিকসহ অন্যান্য পণ্যে নজর দিতে হবে।
পণ্য বহুমুখীকরণে বাণিজ্য মন্ত্রণালয় ইতিমধ্যে ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। পরে বাণিজ্য প্রতিমন্ত্রী আন্তর্জাতিক প্লাস্টিক প্যাকেজিং অ্যান্ড প্রিন্টিং ইন্ডাস্ট্রিয়াল ফেয়ারের বিভিন্ন স্টল পরিদর্শন করেন।


মন্তব্য করুন