https://daynightbd.com


প্রতিবছর পবিত্র রমজান মাস ঘিরে মুসলমানদের সবচেয়ে পবিত্র স্থান মসজিদে কাবায় হাজার হাজার মুসল্লির সমাগম ঘটে। এবছরও এর কমতি দেখা যায়নি। চলতি রমজানের প্রথম ১০ রোজায় প্রায় আড়াই কোটি মুসল্লি এসেছে। এর আগে রমজানের প্রথম দশদিনে এত মুসল্লির আগমন ঘটেনি।
কাবা ও মসজিদে নববির তত্ত্বাবধানে নিয়জিত সৌদির সরকারি সংস্থা ‘দ্য জেনারেল প্রেসিডেন্সি ফর দ্য অ্যাফেয়ার্স অব গ্র্যান্ড মস্ক অ্যান্ড দ্য প্রোফেট’স মস্ক’ গতকাল শুক্রবার (১৪ মার্চ) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। খবর গালফ নিউজের।
বিবৃতিতে আরও বলা হয়েছে, রমজানের প্রথম ১০ দিনে ওমরাহ পালন শেষ করেছেন ৫ কোটি ৫০ লাখ মুসল্লি। এটিও একটি রেকর্ড।
রমজান মাসে এমনিতেই সৌদিতে ওমরাহ যাত্রীদের ভিড় বেশি থাকে। তবে বিগত বছরগুলোর তুলনায় চলতি বছরের রমজানে মুসল্লিদের ভিড় অনেক বেশি।
এই ভিড় সামাল দিতে এবং কাবা চত্বরে শৃঙ্খলা বজায় রাখতে তৎপর হয়েছে প্রশাসনও। মুসল্লিদের সহযোগিতা ও সেবা দিতে কাবা চত্বর ও তার চারপাশে ১১ হাজারেরও বেশি কর্মী মোতায়েন করেছে জেনারেল প্রেসিডেন্সি। এছাড়া কাবা এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে নিয়মিত পরিচ্ছন্নতা কর্মীদের পাশাপাশি নিয়োগ দেওয়া হয়েছে আরও ৪ হাজার কর্মী।
কর্মীদের কাজ তদারক করতে ৩৫০ জন ব্যবস্থাপকও নিয়োগ দিয়েছে জেনারেল প্রেসিডেন্সি।
মুসল্লি ও ওমরাহ যাত্রীদের আজান, খুৎবা শোনা ও নামাজ আদায়ের সুবিধার জন্য ৮ হাজারেরও বেশি স্পিকার রয়েছে কাবা চত্বরে। সেই সঙ্গে চত্বর আলোকিত রাখতে রয়েছে ১ লাখ ২০ হাজারেরও বেশি বৈদ্যুতিক বাতি।


