টিআইবির তথ্য তুলে ধরে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও জাতীয় সংসদের সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেছেন, দেশের ৬৭ ভাগ সংসদ সদস্য কোটিপতির ওপরে। এতো টাকা কোথ থেকে আসে? যেই ডিম তিন টাকা ছিল, সেই ডিম এখন ১২ টাকা। যেই মোটা চাল ৪৪ টাকা ছিল, সেই চাল এখন ৬৫ টাকা। এসব সিন্ডিকেট করে তারা টাকার পাহাড় বানিয়েছেন।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ সব রাজবন্দিদের নিঃশর্ত মুক্তির দাবিতে আয়োজিত প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এই প্রতিবাদ সভার আয়োজন করে বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলন।

জয়নুল আবদিন ফারুক বলেন, যে নির্বাচন কমিশন ঘুমিয়ে থাকে, ঘুম থেকে উঠে বলে ২৮ শতাংশ ভোট পড়েছে। এক ঘণ্টা পরে কীভাবে ৪২ শতাংশ মানুষ নির্বাচনে অংশগ্রহণ করে সেটি প্রধান নির্বাচন কমিশনারের কাছে আমি জানতে চাই। এর জবাব প্রধান নির্বাচন কমিশনারকে এই বাংলার মাটিতে একদিন না একদিন দিতেই হবে। বিএনপিকে ধ্বংস করার হীন প্রচেষ্টা থেকে আপনাকে সরে আসতে হবে।

তিনি আরও বলেন, একদিন না একদিন বাংলাদেশে গণতান্ত্রিক শক্তির বিজয় নিশ্চয়ই হবে। সেই দিন বাংলাদেশের গরীব মানুষ পেট ভরে খেতে পারবে। গণতন্ত্রের পক্ষে কথা বলতে পারবে।

বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলনের আহ্বায়ক এম. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও সদস্য সচিব ইঞ্জিনিয়ার মোফাজ্জল হোসেন হৃদয়ের সঞ্চালনায় প্রতিবাদ সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক রিয়াজ উদ্দিন নসু, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ প্রমুখ।