বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, ‘আমাদের দেশের আমদানিকারক ও উৎপাদনকারীদের সঙ্গে আমরা বৈঠক করেছি। চিনি, তেল ও খেজুরের শুল্ক বেশি ছিল। সেই শুল্ক আমরা যাতে যৌক্তিক পর্যায়ে নিয়ে আসতে পারি, সে বিষয়ে এনবিআরে প্রস্তাব পাঠানো হয়েছে। এ বিষয়ে আগামী সপ্তাহে একটা ঘোষণা আসবে।
তিনি বলেন, ‘আমাদের দেশের জন্য বড় একটা সুসংবাদ আছে। ভারতের বাণিজ্যমন্ত্রী আমাকে ফোন করেছিলেন শুভেচ্ছা জানাতে। বাংলাদেশে ভারত পেঁয়াজ ও চিনি রপ্তানি বন্ধ করেছিল। ভারত থেকে ২০ হাজার মেট্রিক টন পেঁয়াজ ও ৫০ হাজার মেট্রিক টন চিনি আমদানি করা হবে। এ ছাড়াও ব্রাজিলসহ অন্যান্য দেশ থেকে তেল চিনি আসছে।’
শুক্রবার (২৬ জানুয়ারি) বেলা ১১টায় টাঙ্গাইলের দেলদুয়ারের নিজ বাসভবনে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেন, ‘আমদানিকারক, লোকাল উৎপাদক, কৃষি বিভাগ, খাদ্য বিভাগ, মৎস্য ও প্রাণী সম্পদ বিভাগসহ সবার সঙ্গে আমরা আলোচনা করেছি। তারা বলেছেন, রমজান উপলক্ষে যথেষ্ট পরিমাণ আমাদের মজুদ আছে। এ ছাড়াও আগামী তিন মাসের নিত্যপ্রয়োজনীয় পণ্য মজুদ আছে।’
তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন, কেউ মজুদ করে কৃত্রিমভাবে যাতে দাম বৃদ্ধি না করতে পারে সেদিকে আমাদের নজর রয়েছে। তাদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর ব্যবস্থা গ্রহণ করা হবে। বাজার নজরদারি শুরু হয়েছে। আন্তঃমন্ত্রণালয়ের সঙ্গে আমাদের বৈঠক হয়েছে। উদ্যোক্তা থেকে ভোক্তা পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে পণ্য পৌঁছে দেওয়া হবে। এ ছাড়াও এক কোটি মানুষকে টিসিবির কার্ড দিয়ে রমজানে পাঁচটি পণ্য দেওয়া হবে। আমাদের তালিকাটা নতুন করে সমন্বয় করা হবে। টিবিসির ডিলাররা যাতে নিরবচ্ছিন্ন সেবা দিতে পারে সে লক্ষ্যে স্থায়ী দোকান করা হবে। ’
এ সময় দেলুদয়ার উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হাসান মারুফ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হকসহ স্থানীয় নেতকর্মীরা উপস্থিত ছিলেন।


মন্তব্য করুন