বাংলাদেশের ইতিহাসের অন্যতম সেরা কোচ তিনি। তাঁর অধীনেই প্রথমবারের মতো বড় দল হওয়ার সামর্থ্যের জানান দিয়েছিল টাইগাররা। উঠেছিল এশিয়া কাপের ফাইনালে, যদিও পাকিস্তানের কাছে দুই রানের হারে ট্রফি থেকে ফিরতে হয় হাত ছোঁয়া দূরত্বে। কোচ পরিচয়ের আড়ালে অনেকে ভুলে যায় তাঁর ক্রিকেটার পরিচয়ের কথা। নিজের সময়ের অন্যতম কার্যকরী ব্যাটসম্যান ছিলেন তিনি। বলছিলাম স্টুয়ার্ট ল’য়ের কথা, দারুণ ব্যাটার ছাপিয়ে যিনি পরিচিত হয়ে উঠেছেন বৈশ্বিক কোচ হিসেবে।
এদিকে বিশ্বকাপের পর বাংলাদেশ জাতীয় দলের কোচিং প্যানেলের বিজ্ঞাপনের প্রেক্ষিতে ব্যাটিং কোচ হওয়ার জন্য আবেদন করেছেন টাইগার দলের সাবেক কোচ স্টুয়ার্ট ল।
বাংলাদেশ জাতীয় দলকেও কোচিং করানোর অভিজ্ঞতা আছে এই অস্ট্রেলিয়ান কোচের। এছাড়া বর্তমানে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন ল। তার শিষ্যরা এবারের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে সুপার সিক্স থেকে বিদায় নিয়েছে।
স্টুয়ার্ট ল ছাড়া ব্যাটিং কোচ পদের জন্য আবেদন করেছেন সাবেক ক্রিকেটার তুষার ইমরান। এদিকে ব্যাটিং কোচের পাশাপাশি বোলিং কোচের জন্যও বিজ্ঞাপন দিয়েছে বিসিবি। এই পদের জন্য আবেদন করেছেন অস্ট্রেলিয়ার সাবেক গতিতারকা শন টেইট।
এদিকে জানা গেছে, প্রথমে ব্যাটিং ও বোলিং কোচ নিয়োগ দেবে বিসিবি। এরপর সহকারী কোচ, স্পিন কোচ, পারফরম্যান্স অ্যানালিস্ট এবং স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচ নেয়ার প্রক্রিয়া শুরু হবে।
বাংলাদেশ দলের কোচ নিয়োগের কমিটিতে রয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা প্রধান জালাল ইউনুস, খালেদ মাহমুদ, নাঈমুর রহমান, বিসিবির হেড অব প্রোগ্রামস ডেভিড মুর ও বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী।


মন্তব্য করুন