রাজধানীসহ দেশের বিভিন্ন বাজারে মাছ ও সবজির দাম অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে। পাঙ্গাস ও তেলাপিয়া ছাড়া প্রায় সব ধরনের মাছের দামই কেজিতে ৩০০ টাকার ওপরে।
শুক্রবার (২৫ জুলাই) পুরান ঢাকার নয়াবাজার, রায়সাবাজার, বাবুবাজার ও কেরানীগঞ্জের জিনজিরা বৈ বাজার এলাকার কাঁচা বাজার ঘুরে এ চিত্র দেখা গেছে।
রাজধানীসহ সারা দেশেই সব ধরনের সবজির দাম বেড়েই চলেছে। সপ্তাহান্তে সবজি প্রতি কেজিতে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে। এখন ৬০ থেকে ৮০ টাকার নিচে সবজি মিলছে না। যদিও বিক্রেতারা বলছেন, সবজির সরবরাহ ভালো। সবজির দাম বাড়তি থাকলেও দাম অপরিবর্তিত রয়েছে মুরগি ও গরুর মাংসে। যে কারণে কিছুটা স্বস্তিতে রয়েছেন ক্রেতারা। তবে মাছের দাম চড়া দেখা গেছে।
এসব বাজার ঘুরে দেখা গেছে, বেগুন প্রকারভেদে ৮০ থেকে ১০০টাকা, করলা ৮০ থেকে ৯০ টাকা, বরবটি ৮০ টাকা, কাঁকরোল ৮০ টাকা, পটল ৪০ থেকে ৫০ টাকা, ধুন্দল ৫০ টাকা, চিচিঙ্গা ৬০ টাকা, কচুর লতি ৭০ থেকে ৮০ টাকা, কচুর মুখী ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
লালশাক ১০ টাকা আঁটি, লাউশাক ২০ থেকে ৩০ টাকা, কলমিশাক ২ আঁটি ২০ টাকা, পুঁইশাক ৪০ টাকা ও ডাঁটাশাক প্রতি আঁটি ২০ টাকা দরে বিক্রি হচ্ছে।
এসব বাজারে ঝিঙা ৬০ টাকা, ক্যাপসিকাম ৩৫০ টাকা ও মিষ্টিকুমড়া ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পেঁপে মিলছে ৩০ টাকা কেজি দরে।
লেবুর হালি মিলছে ২০ থেকে ৩০ টাকায়, কাঁচাকলার হালি মিলছে ৪০ টাকায়।
ধনেপাতা ৪০০ টাকা কেজি হলেও কিছু কিছু দোকানে পাওয়া গেলো না। কাঁচামরিচ ২০০ টাকা কাঁচা আমও কিনতে দেখা গেছে ৫০-৭০ টাকা দরে। শসার দাম বেশ বাড়তি। দেশি শসা ৭০টাকা ও হাইব্রিড শসা ৬০ টাকা কেজি দরে বিক্রি করতে দেখা গেছে।
মশলার বাজার অনেকটা অপরিবর্তিত রয়েছে। পেয়াজ কেজিতে ৬০ টাকা থেকে ৮০ টাকা বিক্রি হচ্ছে।
বাজারগুলোতে সোনালি কক মুরগি ৩১০ টাকা, সোনালি হাইব্রিড মুরগি ২৭০ টাকা, লাল লেয়ার মুরগি ২৮০ টাকা, সাদা লেয়ার মুরগি ২৭০টাকা, ব্রয়লার মুরগি ১৭০ টাকা ও দেশি মুরগি ৬২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এক ডজন লাল ডিম মিলছে ১২০ টাকায়, হাঁসের ডিম ২২০ টাকা ও দেশি মুরগির ডিমের হালি ৯০ টাকায় বিক্রি করতে দেখা গেছে।
মাছ-মাংস-ডিম : পাঙ্গাস ও তেলাপিয়া মাছ ছাড়া প্রায় সব ধরনের মাছের দামই কেজিতে ৩০০ টাকার ওপরে। ইলিশ, রুই, কাতলা, পাবদা বা ছোট মাছের দাম সাধারণ ভোক্তার নাগালের বাইরে চলে যাচ্ছে দ্রুতগতিতে।
মাছের দাম এত বাড়লেও এর পেছনের নির্দিষ্ট কোনো কারণ জানাতে পারছেন না বিক্রেতারাও। তাদের অভিযোগ, পাইকারি বাজার থেকেই বেশি দামে কিনতে হচ্ছে, ফলে খুচরা বাজারে দাম বাড়ছেই।
জিওল মাছের মধ্যে এক কেজি শিং চাষের (আকারভেদে) বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৪০০ টাকা, দেশি শিং ১ হাজার টাকা, চাষের কই ২২০ থেকে ২৩০ টাকায় বিক্রি হচ্ছে।
রুই দাম বেড়ে (আকারভেদে) ৩৫০ থেকে ৪৫০ টাকা, দেশি মাগুর ৮০০ থেকে ৯০০ টাকা, মৃগেল ৩৫০ থেকে ৪০০ টাকায়, চাষের পাঙ্গাশ ২০০ থেকে ২৩০ টাকা, চিংড়ি ৮০০ থেকে ১ হাজার ২০০ টাকা, বোয়াল ৬০০ থেকে ৮০০ টাকা, বড় কাতল ৪০০ থেকে ৫৫০ টাকায় বিক্রি হচ্ছে।
চাষের পোয়া, পাবদা ও তেলাপিয়া মিলছে যথাক্রমে ৪০০, ৩৫০ ও ২২০ টাকায়।
ছোট মাছের মধ্যে মলা ৫০০ টাকা,পাবদা ৫০০ টাকা, চিংড়ি ১০০০ টাকা, বাতাসি টেংরা ১১০০ টাকা, টেংরা ৬০০ থেকে ৮০০ টাকা, কাঁচকি ৫০০ টাকায় ও পাঁচ মিশালি মাছ ২২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
বাজারগুলোতে ইলিশের দাম যথারীতি চড়া। এক কেজি ওজনের ইলিশ ২ হাজার ৫০০ টাকা, ৭০০ গ্রামের ইলিশ ২ হাজার ১০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। তবে ছোট ইলিশ ৩ পিছের কেজি ১৬০০ টাকা ধরে বিক্রি হচ্ছে।
এসব বাজারে গরুর মাংস কেজিপ্রতি ৭৫০ থেকে ৮০০ টাকা, গরুর মাথার মাংস ৪০০ টাকা, গরুর কলিজা ৫২০ টাকা গরুর বট ৩৫০ থেকে ৩২০ টাকা ও খাসির মাংস কেজিপ্রতি ১ হাজার ১৫০ টাকায় বিক্রি হচ্ছে।


মন্তব্য করুন