১৯৭১ সালের এপ্রিল মাস পুরান ঢাকার গেণ্ডারিয়া, সূত্রাপুর এলাকার অধিকাংশ বাসিন্দা পাকিস্তানি সেনার ভয়ে পালিয়েছেন। কিন্তু টলানো যায়নি অশীতিপর যোগেশ বাবুকে। ২১ নম্বর দিননাথ সেন রোডে বিশাল জায়গা জুড়ে তার বাড়ি আর আয়ুর্বেদিক ওষুধের কারখানা। কারখানার প্রতিটি ইটের সঙ্গে তার আত্মার সম্পর্ক। চরম অশান্ত আবহে বাড়ির সবাইকে কলকাতায় পাঠিয়ে নিজে ভিটে আঁকড়ে ছিলেন। সঙ্গে ছিলেন সতেরো বছরের পুরনো দুই বিশ্বাসী দারোয়ান সুরজ মিঞা আর রামপাল। ৩ এপ্রিল গভীর রাতে একটা মিলিটারি জিপ এসে থামল বাড়ির সামনে। ৫-৬ জন সশস্ত্র পাক সেনা লাফিয়ে নেমে, বাইরের ফটকের তালা ভেঙে শুরু করল গুলিবৃষ্টি। সুরজ মিঞা পাল্টা গুলি ছুড়লেন। অসম লড়াই, তবু কেমন যেন ঘাবড়ে গেল সেনারা। জিপে উঠে চলে গেল। সুরজ অভিজ্ঞ মানুষ। বুঝলেন, আহত বাঘ আবার ফিরবে। তাই হাত জোড় করে পালিয়ে যেতে বললেন বৃদ্ধ মনিবকে। কিন্তু যোগেশ বাবু অনড়। ‘মরতে হয় তো এ দেশের মাটিতেই মরব।’ পরদিন সকালেই দ্বিগুণ সদস্য আর অস্ত্র নিয়ে ফিরে এল পাক সেনারা। রাইফেলের মুখে সুরজ, রামপাল ও যোগেশ বাবুর বিশ্বস্ত কিছু কর্মচারীকে দাঁড় করিয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠে গেল। সেখানে বেয়নেট দিয়ে খুঁচিয়ে-খুঁচিয়ে, তার পর গুলি করে মারা হল যোগেশচন্দ্র ঘোষকে। লুট হল তার বাড়ি, কারখানা।
সেই যোগেশচন্দ্র, যিনি সূত্রাপুরে ১৯১৪ সালে প্রতিষ্ঠা করেছিলেন আয়ুর্বেদিক ঔষধের স্বনামধন্য প্রতিষ্ঠান ‘সাধনা ঔষধালয় (ঢাকা)।
আজ আপনাদের এই সাধনা ঔষধালয় নিয়ে এর অতীত ও বর্তমান চিত্র তুলে ধরার চেষ্টা করবো :
বর্তমান চিত্র :
রাজধানীর ধূপখোলা মাঠ থেকে পূর্বের দীননাথ সেন রোড বর্তমান শহীদ আনাস রোডের সাধনার ১ নং নিকেতন রোডে সাধনার ঔষধালয় অবস্থিত। আজও টিকে আছে শতাব্দীর ঐতিহ্যবাহী স্মৃতি। সাধনা ১নং গলি রোডে প্রবেশ করতেই বেশকিছু বানরের দেখা পেলাম। গেটে প্রবেশ করতে কয়েকজন নিরাপত্তা প্রহরী যারা নিজ নিজ দায়িত্বে ব্যস্ত। তাদের মধ্যে একজনের সাথে কথা বললে তিনি জানান সাধনার দায়িত্বে শিলা ঘোষ ম্যাডাম যিনি কোম্পানির প্রতিষ্ঠাতার ছেলের মেয়ে। এখন তেমন একটা আসেন না। বেশিরভাগ সময় তিনি দেশের বাইরে ভারতে থাকেন। আসলেও কাউকে না জানিয়ে এসে কিছু দিন থেকে চলে যায়। ম্যাডাম এসব প্রতিবেদনে আগে অনেক সাক্ষাৎ দিতেন। কিন্তু এতে আমাদের কোম্পানির কোনো লাভ নেই। কেউ এর খোঁজ রাখে না। তাই ম্যাডাম ও স্যাররা এখন কোনো মিডিয়ার সামনে আসেন না। ভিতরে প্রবেশ করতে দেখা যায় পুরনো জরাজীর্ণ বেশ কিছু পরিবহন, কতো বছরের পুরনো তা দেখে অনুমান করা দুষ্কর। এক পুরনো রাজকীয় বাড়ি এবং গবেষণার এক দারুণ পরিবেশ। কিছু কিছু রুম অকেজো হলে ও এখনো সেই পুরনো ধাচের ঔষধ তৈরির কাঠামো কোনো রকমে টিকে আছে। কয়েকজন কর্মচারীর সাথে কথা বললে তারা জানান, আমরা এখানে অনেক বছর ধরে কাজ করে যাচ্ছি। এটি আমাদের আবেগের জায়গা। কাজ করতে করতে এখানে আত্মার সম্পর্কে মিশে গেছি।
সাধনা ঔষধালয়ের ম্যানেজার দীপক সরকার জানান, আমাদের কোম্পানির পরিচালক শিলা ঘোষ ম্যাডাম। তিনি সাধনা ঔষধালয়ের মালিকের নাতনি। তিনি বছরে দুই একবার এখানে আসেন। একসময় সাধনায় ৫ শতাধিকের অধিক ঔষধ উৎপাদন ও বাজারজাতকরণ করা হতো। পর্যাপ্ত কাঁচা মালের যোগানের অভাবে আমরা চাহিদা মোতাবেক ঔষধ উৎপাদন করতে পারছি না। তবুও বর্তমানে আমাদের এখানে প্রায় দেড় শতাধিক ঔষধ উৎপাদন হচ্ছে। আমরা সবসময় চেষ্টা করছি সাধনার পুরনো ঐতিহ্য ধরে রেখে বর্তমান যুগের সাথে সামঞ্জস্য বজায়ে গুণগত মান ঠিক রেখে পণ্য উৎপাদন ও বাজারজাত করন করে সাধনার পুরনো সেই ঐতিহ্যকে ফিরিয়ে আনার। বাজারে এখনো সাধনার সুনাম থাকলেও পর্যাপ্ত লোকবল ও মুনাফার যোগানদার স্বল্পতায় আমরা কিছুটা পিছিয়ে আছি। প্রযুক্তির উন্নয়ন হলেও আমরা তার যথাযথ প্রয়োগে সমর্থ হতে পারি নি। তাই যুগের সাথে সমন্বয় করে এই প্রতিকূলতা দূরীকরনে কাজ করে যাচ্ছি। আমাদের চেয়ারম্যান স্যারের নির্দেশ বিজনেস নয় মানুষের সেবাকে প্রাধান্য দিতে হবে। আমরা ও সেই লক্ষ্যে কাজ করছি।
একসময় দেশ ছাড়িয়ে পৃথিবীর বিভিন্ন দেশে আমাদের ঔষধ যেত। এখন শুধু বাংলাদেশ আর ভারতে রয়েছে। এ দেশে ৭০টি বিপণন কেন্দ্র রয়েছে। একসময় কোম্পানির চারশ থেকে সাড়ে চারশ প্রকারের ওষুধ ছিল, এখন রয়েছে মাত্র ১২০ প্রকারের ওষুধ। যে আয় হয় তা দিয়ে কোম্পানি মোটামুটি টিকে রয়েছে। কয়েক বছর ধরে আধুনিকায়নের চেষ্টা চলছে। আশা রাখি কোম্পানির উন্নতি হবে।’ কোম্পানির ভেতরে বানরের উৎপাত। সমস্যা হয় কি না জানতে চাইলে দীপক সরকার বলেন, ‘দিনে ১০-১৫ কেজি ছোলা দেওয়া হয়। তাতে ওরা শান্ত থাকে, এখন তো বানরের সংখ্যাও কমে গেছে, আগে প্রচুর ছিল। মাঝে মধ্যে বহুদিন পরপর সরকারি উদ্যোগে বানরকে কলা দেওয়া হয়। তবে ইদানীং আর এসব উদ্যোগ দেখা যায় না।
‘যোগেশ চন্দ্র ঘোষ’
শিক্ষাবিদ, আয়ুর্বেদশাস্ত্রী, শহীদ বুদ্ধিজীবী অধ্যক্ষ যোগেশ চন্দ্র ঘোষের জন্ম ১৮৮৭ সালে শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার জলছত্র গ্রামে। বাবা পূর্ণচন্দ্র ঘোষ। প্রাতিষ্ঠানিক শিক্ষার শুরু গ্রামের স্কুলে। ছোটবেলা থেকেই অত্যন্ত মেধাবী। লেখাপড়ায় আগ্রহ দেখে বাবা ছেলেকে ঢাকায় পাঠিয়ে দেন। ১৯০২ সালে ঢাকার জুবিলী হাইস্কুল থেকে প্রবেশিকা, ১৯০৪ সালে জগন্নাথ কলেজ থেকে এফএ পাস করে চলে যান পশ্চিমবঙ্গে। ১৯০৬ সালে কোচবিহার কলেজ থেকে স্নাতক, ১৯০৮ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে রসায়নশাস্ত্রে স্নাতকোত্তর, এরপর উচ্চশিক্ষার জন্য ইংল্যান্ড। সেখান থেকে এফসিএস। তারপর আমেরিকা থেকে এমসিএস। ভালো চাকরি নিয়ে আমেরিকায় স্বাচ্ছন্দ্যেই থাকতে পারতেন; তা না করে দেশে ফিরে ভাগলপুর কলেজে রসায়নের অধ্যাপক হিসেবে যোগ দেন। ১৯১২ সালে একই পদে চলে আসেন ঢাকার জগন্নাথ কলেজে। এ পদে ছিলেন ৩৫ বছর। ১৯৪৭ সালে কলেজের অধ্যক্ষ হন। ১৯৪৮ সালে চাকরি থেকে অবসর নেন।
সাধনা ঔষধালয় :
কলকাতা বিশ্ববিদ্যালয়ে রসায়ন বিভাগে পড়ার সময় তিনি প্রখ্যাত বিজ্ঞানী আচার্য্য প্রফুল্ল চন্দ্র রায়ের সান্নিধ্য পান। প্রফুল্ল চন্দ্র রায়ই তাঁকে দেশজ সম্পদ ব্যবহারের মাধ্যমে নিজের জ্ঞানকে কাজে লাগাতে উৎসাহ দেন। প্রফুল্ল চন্দ্রের দীক্ষা ও নিজের স্বপ্নকে বাস্তবায়ন করতে ১৯১৪ সালে ২১ দীননাথ সেন রোডে গড়ে তোলেন ‘সাধনা ঔষধালয়’। কঠোর সাধনার মধ্য দিয়ে যে প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন, তার এই ব্যবসায়িক প্রতিষ্ঠান। জানা যায় বিপুল সাফল্যের কারণে একসময় চীন ও উত্তর আমেরিকায় সাধনা ঔষধালয়ের শাখা ছিল। ভারতবর্ষে আয়ুর্বেদের ইতিহাস কয়েক হাজার বছরের। সেই পথপরিক্রমায় আয়ুর্বেদের জনপ্রিয়তা যখন ক্ষীণ হয়ে এসেছিল, তখনই একে পুনরুজ্জীবন দিয়েছেন অধ্যাপক যোগেশ চন্দ্র ঘোষ। এ সময়ে তিনি রোগ-ব্যাধির কারণ ও লক্ষণ, আয়ুর্বেদ চিকিৎসার অন্তর্নিহিত তত্ত্ব, আয়ুর্বেদ ওষুধের ব্যবহার পদ্ধতি ও স্বাস্থ্যবিধি সম্পর্কে বহু মূল্যবান বই লেখেন।
তাঁর উল্লেখযোগ্য বই-অগ্নিমন্দা ও কোষ্ঠবদ্ধতা, আরোগ্যের পথ, গৃহচিকিৎসা, চর্ম ও সাধারণ স্বাস্থ্যবিধি, চক্ষু কর্ণ নাসিকা ও মুখ রোগ চিকিৎসা, আয়ুর্বেদ ইতিহাস, টেক্সট বুক অব এনঅর্গানিক কেমিস্ট্রি, সিম্পল জিওগ্রাফ, সিম্পল এরিথমেটিক, আমরা কোন পথে ইত্যাদি। কিছু মৃত্যু থাকে জীবনেরও অধিক জীবনের দীর্ঘ ছয়টি দশক আয়ুর্বেদ চিকিৎসার মাধ্যমে মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রেখেছিলেন যোগেশ চন্দ্র ঘোষ। সমাজের জনহিতকর কাজে তিনি সাহায্যের হাত বাড়িয়ে দিতেন এবং পৃষ্ঠপোষকতা দিতেন। ১৯৪৭ সালে দেশ ভাগের সময় বহু হিন্দু পরিবার ঘরবাড়ি, সহায়-সম্পদ ফেলে পাড়ি জমান ওপারে। দেশের মায়ায় বাঁধা পড়ে থেকে যান যোগেশ চন্দ্র ঘোষ। ১৯৬৪ সালে যখন হিন্দু-মুসলমান দাঙ্গার শহর হিসেবে পৃথিবীতে ঢাকার পরিচয় ছড়িয়েছে, তখনো নির্দ্বিধায় সব সংকটকে মোকাবিলা করে এখানেই থেকেছেন।
আনাস রোডে বসবাসত বাসিন্দা মনির জানান, আমি এই এলাকায় প্রায় ৬ বছর ধরে থাকি। গ্রামে থাকা অবস্থায় সাধনার ঔষধের অনেক সুনাম খ্যাতি শুনেছি। আগে জানতাম না এটাই সেই সাধনা ঔষধালয়ের মূল অফিস। এখানে প্রায়ই যাওয়া হয় কিন্তু ভিতরে কখনো প্রবেশ করি নি। তবে ভিতরে জন সাধারনের প্রবেশাধিকার নিষেধ থাকায় যাওয়া হয় না। বাইরে থেকে দেখা যায় এখানে অসংখ্য বানর রয়েছে। তাছাড়া প্রতিদিন কিছু পন্যবাহী ট্রাক ঢাকার মধ্যে ও বাইরে ঔষধ পন্য নিয়ে চলে যায়। সামনের ফটকের সাথে দোকানের মতো একটা বিপণন কেন্দ্র রয়েছে। এখান থেকে অনেক সময় অনেকে তাদের প্রয়োজনীয় ঔষধ নিয়ে থাকে। আমি প্রায়ই একটা দাঁতের মাজন ব্যবহার করি। মোটামুটি ভালো উপকারী। সাধনা ঔষধালয় তাদের পুরনো ঐতিহ্য ফিরে আসুক এটাই প্রত্যাশা করি।
সাধনার মূল অফিসের সামনে বিক্রয়কেন্দ্রে দায়িত্বে থাকা চিত্তরঞ্জন দাশ (চিকিৎসক) জানান, আমাদের এখানে ১৩০ ধরনের ঔষধ রয়েছে। বর্তমানে সবচেয়ে বেশি চাহিদা কিংবা বাজারে চলছে সাধনার এমন ঔষধগুলো হলো দর্শনচূর্ণ দাঁতের মাজন, দশমূলারিস্ট সিরাপ, ভিটামিন
ট্যাবলেট, বিভিন্ন রোগের ও মাথা ঠান্ডার তেল, চর্মরোগ ঔষধ, বিষ ব্যাথা রোগের ঔষধ , সুরেশ সরিষার তেল, সারিবাদ্যারিস্ট, অমৃতারিষ্ট, মুদ্রাক্ষরিস্ট, বলরারিস্ট, কূটজারিস্ট, পত্রাঙাসব, রোহিতকারিস্ট প্রভৃতি। এসব ঔষধের নাম লোক মুখে খুব প্রচলিত। আমাদের এখানে খুচরা ও পাইকারী উভয়ই বিক্রি হয়। ঢাকার মধ্যে ও এর বাইরের অনেকেই এখান থেকে ঔষধ নিয়ে থাকে। আমাদের এখানে বানরের বসবাস বেশি হওয়ায় অনেক সমস্যার সম্মুখীন হচ্ছি। এছাড়া দেশে নির্বাচিত সরকার না থাকায় পর্যাপ্ত কাঁচামাল সংকট থাকায় বাজার খুব মন্দা।


মন্তব্য করুন