বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে দিনাজপুরের বিরামপুরে বিশাল র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ও দিনাজপুর-৬ সংসদীয় আসনের বিএনপি’র সম্ভাব‍্য জাতীয় সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন।
বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৫ টায় বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে দলের নেতাকর্মীরা মিলিত হয়ে র‍্যালী নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। র‍্যালী শেষে ঢাকা মোড়ে এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সভাপতি মিঞা শফিকুল আলম মামুন, সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল, পৌর বিএনপি’র সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু, জেলা বিএনপি’র সহ-সভাপতি তোছাদ্দেক হোসেন তোছা, নির্বাহী সদস্য সাবেক ভিপি কমর সেলিম, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক নুর ইসলাম ও নুরে আলম নুরা, উপজেলা যুবদলের সদস্য সচিব ও জেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য এ্যাডভোকেট মিঞা শিরন আলম, উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব শাহ্ আলম মন্ডল প্রমূখ।

বিরামপুর শহরের ঢাকা মোড়ে দলীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম দেশের জনগণের কল‍্যাণে কাজ করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। বিএনপি দেশ ও জনগণের জন্য রাজনীতি করে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সরকার গঠন করলে জনগণকে সাথে নিয়ে বিএনপি ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে কাজ করবে ইনশাআল্লাহ্।