ঢাকার কেরানীগঞ্জে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে মডেল থানা পুলিশ।
শনিবার (২৬ অক্টোবর) রাতে মনু বেপারীর ঢাল এলাকায় অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল হক ডাবলুর নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে ওই এলাকায় দীর্ঘদিন ধরে একটি নারী চক্র ইয়াবা, গাঁজা ও হেরোইনসহ বিভিন্ন মাদকদ্রব্যের ব্যবসা চালিয়ে আসছে। এর আগেও এই চক্রের সদস্যরা গ্রেফতার হলেও জামিনে বেরিয়ে পুনরায় মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে।
অভিযানে তিনজন নারী ও পাঁচজন পুরুষ মাদক ব্যবসায়ীকে ১ কেজি গাঁজা, ১০০ পিস ইয়াবা, ২০ প্যাকেট হেরোইন ও নগদ ১৩ হাজার ৬০০ টাকাসহ হাতেনাতে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— ১/ ফাহিম (১৯), পিতা রুবেল, মুড়িকান্দি বাজার, করিমগঞ্জ, কিশোরগঞ্জ; ২/ শিমু (২১), স্বামী বাবু মিয়া, চরকাকই, শিবচর, মাদারীপুর; ৩/ ইমরান (২১), পিতা হাশেম, গলাচিপা, পটুয়াখালী; ৪/ শুভ (২০), পিতা বিল্লাল, নাটবল্টুর গলি, ডাক্তার বাড়ি, কেরানীগঞ্জ মডেল, ঢাকা; ৫/ সাময়ন (২০), পিতা শুক্কুর, সাজিওয়ালা, রাঙ্গাবালি, পটুয়াখালী; ৬/ নূরজাহান আক্তার (২৪), স্বামী মোক্তার হোসেন, পাতারহাট, মেহেন্দিগঞ্জ, বরিশাল; ৭/ অন্তরা বেগম (২৯), পিতা মোশাররফ মিয়া, চরকাকই, শিবচর, মাদারীপুর; ৮/ মোক্তার (২৫), পিতা মোশাররফ, চরবাচামারা, শিবচর, মাদারীপুর।
এলাকাবাসীর অভিযোগ, স্থানীয় রাজনৈতিক নেতাদের আশ্রয়ে দীর্ঘদিন ধরে একটি চক্র এখানে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। কেউ প্রতিবাদ করলে তাকে প্রাণনাশের হুমকিও দেওয়া হতো। এ ঘটনায় পুলিশ প্রশাসনের কাছে তারা মাদকচক্রের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে কেরানীগঞ্জ মডেল থানার ওসি মনিরুল হক ডাবলু বলেন, “নারী সদস্যদের ব্যবহার করে একটি চক্র কৌশলে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। আমরা নিয়মিতভাবে অভিযান পরিচালনা করছি। আটক আসামিদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।”



মন্তব্য করুন