রাজধানীর মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় একটি নির্মাণাধীন ভবনের অফিসে হামলা, ভাঙচুর ও লুটপাট এবং প্লটটি দখলের চেষ্টা চালায় দুর্বৃত্তরা। এ ঘটনায় মোস্তাকের রহমান খোকন চৌধুরীসহ অজ্ঞাত আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করে মোহাম্মদপুর থানায় মামলা করা হয়েছে। এখন পর্যন্ত ৬ জন আসামি গ্রেফতার হলেও প্রধান আসামি খোকন চৌধুরী এখনো অধরা।

মামলার বাদী আনোয়ার হোসেন রিপন বলেন, মায়ের বিক্রিত জমি ছেলে এসে দখল করতে চেয়েছে। এ সময় হামলা ও লুটপাট করা হয়। হামলার সময়ে ল্যাপটপ মোবাইল কম্পিউটার ফ্রিজ ও নগদ ক্যাশ টাকা লুটপাট করে

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২৬ সেপ্টেম্বর সকালে মোহাম্মদপুরের চাঁদ উদ্যান বেড়িবাঁধ সংলগ্ন টুইন টাওয়ার নির্মাণ করার জন্য সেখানে দ্বিতীয় তলার একটি অফিসে লুটপাট, ভাঙচুর ও প্লটটি দখলের চেষ্টা চালানো হয়। বাদী আনোয়ার হোসেন রিপনের দাবি, তিনিসহ আরও ৩০ জন ব্যক্তি ওই জায়গার ক্রয়সূত্রে মালিক। ভবন নির্মাণের বিষয়ে আলোচনা করতে তারা ওই অফিসে বৈঠক করতেন। অফিসটিতে ভবন নির্মাণের জন্য সংগৃহীত টাকা ও গুরুত্বপূর্ণ কাগজপত্র রাখা ছিল। আসামিরা দলবদ্ধ হয়ে দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে অফিসে প্রবেশ করে। পরে অফিসের বিভিন্ন মালামাল ভাঙচুর করে আনুমানিক ৪ লাখ টাকার ক্ষতি করা হয়। এ সময় অফিসের ক্যাশ বক্সে থাকা ভবন নির্মাণের জন্য রাখা ১৫ লাখ টাকা, একটি অ্যাপলের ম্যাকবুক, একটি আসুস ল্যাপটপ, তিনটি ডেস্কটপ কম্পিউটার, দুটি এসি, চারটি সিসি ক্যামেরা ও একটি ডিভিআর বক্সসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়েছে।

মামালার বাদী আরো বলেন, এই প্লটের পাশেই ১০ তলা একটি ভবন তৈরি করেছে প্রধান আসামি মোস্তাকের রহমান খোকন চৌধুরী। সেখানে তিনি বেশি জমি দখল করে ভবন নির্মাণ করে এখন বৈধ কেনা জমি দখল করতে এই কর্মকাণ্ড চালিছে। বাদী প্রশাসনের প্রতি অনুরোধ করেন সঠিক তদন্ত করার।