হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৬৩৭৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক বিমানযাত্রীকে গ্রেফতার করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন। তার নাম মোঃ পান্নু হাওলাদার। তিনি বিমানযাত্রী বেশে পাকস্থলীতে ইয়াবা বহন করছিলেন। তার বাড়ি বরগুনার আমতলীতে। গ্রেফতারের পর তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। শনিবার (১ নভেম্বর) এসব তথ্য জানান এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের এসপি মোহাম্মদ মোজাম্মেল হক।
তিনি বলেন, অভিযুক্ত ব্যক্তিকে ইউএস বাংলা এয়ারলাইন্সের অভ্যন্তরীণ BS 142 ফ্লাইটে কক্সবাজার থেকে ঢাকায় আসেন। তিনি ইয়াবা বহন করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দর অভ্যন্তরীণ টার্মিনালের আগমনী গেইটের সামনে থেকে আটক করা হয়। তাকে এয়ারপোর্ট আর্মড পুলিশ অফিসে নিয়ে আসা হলে সে পাকস্থলীতে ইয়াবা বহন করছে বলে জানায়। এয়ারপোর্টে কর্তব্যরত চিকিৎসকের শরণাপন্ন হলে এক্স-রে পরীক্ষায় তার পেটে প্রচুর পরিমাণে ডিম্বাকৃতির বস্তুর সন্ধান মেলে। পরবর্তীতে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে ডাক্তারদের তত্ত্বাবধানে পান্নুর পায়ুপথ দিয়ে প্রাকৃতিক কার্য সম্পাদনের মাধ্যমে কসটেপ মোড়ানো অবস্থায় ১৩৬ পোটলা ইয়াবা ট্যাবলেট বের করা হয়। এগুলো খুলে মোট ৬ হাজার ৩৭৮ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। পান্নু দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে যুক্ত।
এসপি মোজাম্মেল আরও বলেন, পাকস্থলীতে এত বিপুল পরিমাণ মাদক বহন সত্যিই অবাক করার মতো ঘটনা। আমরা বিমানবন্দর ঘিরে মাদক চোরাচালানসহ যেকোন অবৈধ কার্যক্রমরোধে সচেষ্ট আছি।