রাজধানীর যাত্রাবাড়ীর কাজলা ব্রিজ এলাকায় বিশেষ অভিযানে প্রায় ২৩ লাখ ৪০ হাজার টাকা মূল্যমানের ৭৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যানও জব্দ করা হয়।

র‌্যাব-১০ জানায়, সোমবার (১৭ নভেম্বর ২০২৫) দুপুর সাড়ে ২ টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যাত্রাবাড়ী থানাধীন কাজলা ব্রিজ এলাকায় চেকপোস্ট স্থাপন করে র‌্যাব-১০-এর একটি দল। অভিযানের সময় একটি নেভি ব্লু রঙের কাভার্ড ভ্যানকে থামানোর সংকেত দিলে ভ্যানের দুই যাত্রী পালানোর চেষ্টা করে। পরে র‌্যাব সদস্যরা ধাওয়া করে ভ্যানসহ দুজনকে আটক করে।

তল্লাশিতে কাভার্ড ভ্যানের ভেতর বিশেষ কায়দায় লুকানো ৭৮ কেজি গাঁজা, যার আনুমানিক মূল্য ২৩ লাখ ৪০ হাজার টাকা, এবং মাদক বিক্রয়লব্ধ ৩ হাজার টাকা উদ্ধার করা হয়। এ ছাড়া ভ্যানটিতে থাকা ৫৬৪ কেজি চায়ের পাতা গুড়াও জব্দ করে র‌্যাব।

গ্রেফতার হওয়া দুজন হলেন মো. নাসির উদ্দিন,ইসমাইল হোসেন।

র‌্যাব জানায়, তারা পেশাদার মাদক ব্যবসায়ী এবং বেশ কিছুদিন ধরে সীমান্ত এলাকা থেকে গাঁজাসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করে আসছিল।

উদ্ধারকৃত মাদক ও জব্দ করা কাভার্ড ভ্যানসহ গ্রেফতারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের জন্য যাত্রাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-১০ আরও জানায়, মাদক সমাজ ও রাষ্ট্রের জন্য মারাত্মক হুমকি। “মাদক নির্মূলে জিরো টলারেন্স” নীতির বাস্তবায়নে র‌্যাব সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।