রাজধানীর মোহাম্মদপুরের বসিলা গার্ডেন এলাকায় ড্রয়ারে লুকানো ইয়াবাসহ এক এমবিবিএস ডাক্তার এবং তার সহযোগীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি)।

গ্রেপ্তার কৃতরা হলেন- এমবিবিএস ডা. নাফিস সাদিক এবং জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মো. সাজাহান।

মঙ্গলবার (১৮ নভেম্বর) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থাটির মহাপরিচালক মো. হাসান মারুফ।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত ১১ নভেম্বর ডিএনসি ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের উপ-পরিচালক শামীম আহম্মেদের নির্দেশনায় পরিদর্শক আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে একটি বিশেষ রেইডিং টিম বসিলা গার্ডেন সিটির শান্তা টাওয়ারে অভিযান চালায়।

অভিযানে একটি কক্ষ থেকে আটক করা হয় এমবিবিএস ডা. নাফিস সাদিক এবং জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মো. সাজাহানকে।

তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে হাসপাতালের দায়িত্বের পাশাপাশি ব্যক্তিগত ফ্ল্যাটে বসে ওই চিকিৎসকের মাদক ব্যবসায় হাত ছিল কি না- তা খতিয়ে দেখছে ডিএনসি।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দৃঢ়ভাবে জানান, রাজধানীতে চিকিৎসক প্রভাবশালী বা যেই জড়িত থাকুক মাদক ব্যবসার বিরুদ্ধে অভিযান চলমান থাকবে।

উল্লেখ্য, ডিএনসির মহাপরিচালক বলেন, এ সময় জিজ্ঞাসাবাদে ডা. নাফিস প্রথমে অস্বীকার করলেও পরে নিজেই পড়ার টেবিলের ড্রয়ার খুলে ৫০ পিস ইয়াবা বের করেন। এ সময় তার সঙ্গে থাকা সহযোগীর দেহ তল্লাশি করলে আরও ১ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।