রাজধানীর মোহাম্মদপুরে তারাবির নামাজ শেষে হাঁটাহাটি করার সময় ছিনতাইয়ের শিকার হয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক মোতাহার হোসেন। ছিনতাইকারীরা তার দুইটি আইফোন, মানিব্যাগ ও ঘড়ি ছিনিয়ে নেয়। পরে গতকাল দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করে আইফোন দুটি উদ্ধার করে পুলিশ।

এরআগে গত শনিবার রাতে রাজধানীর রেসিডেন্সিয়াল মডেল কলেজের পাশে শহীদ ফাইয়াজ চত্বরে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। এসময় তাকে সামুরাই দিয়ে জখম করে ফোনের পাসওয়ার্ডও জেনে নেয় ছিনতাইকারীরা।

গতকাল এ ঘটনায় মোহাম্মদপুর থানায় মামলা করেন দুদক মহাপরিচালকের স্টাফ অফিসার (দুদকের ডিএডি) জাবেদ হোসেন সজল। মামলার এজাহারে ৩ ছিনতাইকারীর কথা উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে ডিএমপির মোহাম্মদপুর জোনের এসি আব্দুল্লাহ আল মামুন জানান, আমরা গুরুত্ব দিয়ে এই মামলার তদন্ত শুরু করি । পরে দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করে দুটি আইফোন উদ্ধার করা হয়েছে। অন্য ছিনতাইকারীকে গ্রেপ্তারে অভিযান চলছে।