গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ইভটিজিংয়ের দায়ে একজনকে কারাদণ্ড এবং অবৈধভাবে মাটি কাটার অপরাধে দুই ব্যক্তিকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমার নেতৃত্বে উপজেলার চুপাইর, জামালপুর, পিপুলিয়া এবং নাগরী ইউনিয়নের দারকাভাংগা এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে মোট তিনটি মামলার নিষ্পত্তি করা হয়। এর মধ্যে জামালপুর ইউনিয়নের চুপাইর বালিকা উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে দণ্ডবিধি ১৮৬০-এর ৫০৯ ধারায় বক্তারপুর ইউনিয়নের উত্তর খৈকড়া গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে নাজমুল আলম (৪২)-কে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

এছাড়া বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় দুই মামলায় অবৈধভাবে কৃষিজমি থেকে মাটি কাটার অপরাধে নাগরী ইউনিয়নের পিপুলিয়া গ্রামের মো. আতিক (৪৮) এবং একই ইউনিয়নের দারকাভাংগা গ্রামের মো. মাহবুবুর রহমান (৪৮)-কে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম, থানা পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন। প্রশাসন সূত্রে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।