https://daynightbd.com


সৌদি আরবের পাবলিক প্রসিকিউশন সতর্ক করেছে, আসন্ন হজে গিয়ে যারা অবৈধভাবে অর্থ সংগ্রহের চেষ্টা করবেন তাদের কঠোর শাস্তির মুখে পড়তে হবে। এ-সংক্রান্ত যে আইন রয়েছে, সেটি যদি কেউ ভঙ্গ করলে ৭ বছর বা তারও বেশি কারাদণ্ড অথবা ৫ মিলিয়ন সৌদি রিয়াল জরিমানা করা হবে। অথবা উভয় দণ্ডে দণ্ডিত করা হবে। যা বাংলাদেশি অর্থে প্রায় ১৫ কোটি টাকার সমান। খবর গালফ নিউজের।
মাইক্রো ব্লগিং সাইট এক্সে এ ব্যাপারে পাবলিক প্রসিকিউশন জানিয়েছে, অনুমতি ছাড়া নগদ অর্থ বা অন্য কোনো সাহায্য সংগ্রহ করা কঠোরভাবে নিষিদ্ধ এবং এটি একটি গুরুতর অপরাধ। যারা অর্থ সংগ্রহের জন্য সাধারণ হাজিদের সঙ্গে প্রতারণা করবেন তাদের বিরুদ্ধে অর্থ জালিয়াতির আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই আইনের মাধ্যমে প্রতারণা, মিথ্যার আশ্রয় এবং ভুয়া কাহিনি তৈরির মতো যেকোনো ধরনের জালিয়াতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।
প্রসঙ্গত, ইসলামের পাঁচটি স্তম্ভের অন্যতম হজ। আর্থিক ও শারীরিক সক্ষমতা রয়েছে এমন সব মুসলিমের জীবনে অন্তত একবার হজ করার বাধ্যবাধকতা রয়েছে। জিলহজ মাসের ৮ তারিখ থেকে ১২ তারিখ পর্যন্ত (মাঝে মাঝে ১৩ তারিখ) হজ হয়। এর বিভিন্ন নিয়ম-নীতি রয়েছে। এ বছর হজ জুনের শেষ সপ্তাহ অথবা জুলাইয়ের প্রথম সপ্তাহে হতে পারে। হজের তারিখ নির্ধারণ হয় মূলত জিলহজ মাসের চাঁদ দেখা সাপেক্ষে।


