https://daynightbd.com


চাঁদপুরে মতলব দক্ষিণ উপজেলার খাদের গাঁও ইউনিয়নে সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতার বাড়িতে বসতঘরে তালা ভেঙে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার চুরির অভিযোগ উঠেছে।
এ ঘটনায় প্রায় ১৪ লাখ ৬৫ হাজার টাকার মালামাল খোয়া গেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ঘটনায় এক ব্যক্তির নাম উল্লেখসহ আরও কয়েকজন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, মতলব দক্ষিণ উপজেলার খাদেরগাঁও ইউনিয়নের হুরমহিষা এলাকার বাসিন্দা নাজির হোসাইন এর বাড়িতে গত ১৭ আগস্ট রাত আনুমানিক ২টা থেকে সাড়ে ৩টার মধ্যে চুরির ঘটনা ঘটে।
অভিযোগে বলা হয়, নাজির হোসাইন এর বাবা চিকিৎসার জন্য ঢাকায় অবস্থান করছিলেন। বাড়িতে তার মা একা থাকায় রাতের খাবার শেষে তিনি ঘরের দরজায় তালা লাগিয়ে পাশের একটি বাড়িতে ঘুমাতে যান। ভোরে তাহাজ্জুদ নামাজ আদায়ের জন্য ঘুম থেকে উঠে বাড়িতে এসে তিনি দেখতে পান, বসতঘরে দরজার তালা ভাঙা এবং দরজা খোলা।
অভিযোগে উল্লেখ করা হয়, পরিবারের সদস্য ও আশপাশের লোকজন ঘরে এসে তল্লাশি চালিয়ে স্টিলের আলমারির ড্রয়ার থেকে নগদ ৪ লাখ ৬৫ হাজার টাকা এবং প্রায় ৪ ভরি ১২ আনা ওজনের বিভিন্ন স্বর্ণালংকার খোয়া যাওয়ার বিষয়টি দেখতে পান। এমনকি স্বর্ণালংকারের মূল্য প্রায় ১০ লাখ টাকা বলে দাবি করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, ঘটনাস্থলে চুরির কাজে ব্যবহৃত একটি লোহার শাবল পাওয়া গেছে। স্থানীয়ভাবে ওই শাবলটির তথ্য জানতে পারলেই চুরির সাথে জড়িত ব্যক্তিকে আইনের আওতায় আনা সম্ভব হবে বলে বাদী দাবি করেন।
এঘটনায় একজনের নাম উল্লেখসহ আরও ৩/৪ জন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে চুরির অভিযোগ আনা হয়েছে। তবে অভিযোগের সত্যতা যাচাই এবং কারা প্রকৃতপক্ষে জড়িত, তা তদন্ত করলে বেরিয়ে আসবে।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, স্থানীয়ভাবে খোঁজ ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা শেষে থানায় লিখিত অভিযোগ দিতে কিছুটা বিলম্ব হয়েছে।
মতলব দক্ষিণ থানা পুলিশ অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেবে বলে ভুক্তভোগী পরিবার আশা প্রকাশ করেন।


