‎রাজধানীর পুরান ঢাকার ঐতিহ্যবাহী কবি নজরুল সরকারি কলেজের সড়কসংলগ্ন সি ভবনের বিভিন্ন বিভাগের জানালার ভাঙা কাচ মেরামত করেছে কলেজ প্রশাসন।
‎
‎গত বুধবার (১২ আগস্ট) ‘মোল্লা কলেজের সঙ্গে সংঘর্ষ দেড় বছরেও মেরামত হয়নি কবি নজরুল কলেজের জানালার ভাঙা কাচ’ এই শিরোনামে daynightbd রিপোর্টে সংবাদ প্রকাশিত হয়।
‎
‎সংবাদ প্রকাশের এক সপ্তাহ পর বুধবার (১৮ আগস্ট) কবি নজরুল সরকারি কলেজের সি ভবনের বিভিন্ন বিভাগের জানালার ভাঙা কাচ মেরামত করা হয়েছে।
‎
‎ভবনের জানালার ভাঙা কাচ মেরামত হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। দীর্ঘদিন ধরে জানালার কাচ ভাঙা থাকায় ক্লাস করতে নানা সমস্যার সম্মুখীন হতে হয়েছে। এখন এসব সমস্যা সমাধান হয়েছে।
‎
‎আনোয়ার হোসেন নামের বাংলা বিভাগের এক শিক্ষার্থী বলেন, জানালার কাচ ভাঙা থাকায় ক্লাস করতে খুব অসুবিধা হতো। রাস্তার পাশে আমাদের ক্লাসরুম হওয়ায় বাইরে থেকে অনেক শব্দ আসত, ফলে ক্লাসে মনোযোগ দিতে সমস্যা হতো। এছাড়া রাস্তার ধুলাবালি রুমে আসতো। এখন এসব সমস্যা নেই, কলেজ প্রশাসনকে অনেক ধন্যবাদ।
‎
‎এ বিষয়ে কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক আবদুল্লাহ আল মাহমুদ বলেন, বিষয়টি অনেকদিন আগের। কাজটি প্রক্রিয়াধীন ছিল এবং বর্ষার আগেই শেষ করার কথা ছিল। কিন্তু কিছু সীমাবদ্ধতার কারণে তা সম্ভব হয়নি। এ ধরনের কাজ নির্দিষ্ট একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে সম্পন্ন করতে হয়।