https://daynightbd.com


গাজীপুরের শ্রীপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দারগারচালা চৌরাস্তা এলাকায় একটি জোট গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (২৩ আগস্ট) ভোর ৫টা ৫৩ মিনিটের দিকে গোডাউনের ভেতরে অটোরিকশা চার্জ দেওয়ার সময় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস। মুহূর্তের মধ্যে আগুন গোডাউনের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়লে আতঙ্ক দেখা দেয়। আগুনে গোডাউনে থাকা মালামাল পুড়ে যায়। ফায়ার সার্ভিসের প্রাথমিক হিসাবে, এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, খবর পেয়ে মাওনা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে গোডাউনের ভেতরে থাকা আগুনের উৎস পুরোপুরি নিভিয়ে নিরাপদ করতে প্রায় তিন ঘণ্টা সময় লাগে।
স্থানীয় বাসিন্দারা জানান, হাবিবুর রহমান, শুরুজ আলী, আমান উল্লাহ ও জাবেদ আলী যৌথভাবে গোডাউনটি পরিচালনা করেন। ভোরে গোডাউনের ভেতরে অটোরিকশা চার্জে থাকা অবস্থায় হঠাৎ আগুনের সূত্রপাত হয়। পরে আগুন দ্রুত ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসে খবর দেন।
জোট গোডাউনের মালিকপক্ষের অন্যতম সদস্য হাবিবুর রহমান বলেন, “হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনায় গোডাউনে থাকা সব মালামাল পুড়ে ভস্মীভূত হয়ে গেছে।”
শ্রীপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. নুরুল করিম বলেন, “ভোর ৫টা ৫৩ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে তিন মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছাই। প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে আগুন পুরোপুরি নির্বাপণ করতে প্রায় তিন ঘণ্টা সময় লাগে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গোডাউনের ভেতরে অটোরিকশা চার্জ দেওয়ার সময় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এতে আনুমানিক ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।”
ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় আশপাশের এলাকায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা কেটে যায়।


